"জনতার অধিকার, আমাদের অঙ্গীকার; দেশ হবে জনতার"—এই স্লোগানকে সামনে রেখে অত্যন্ত বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নড়াইল শহরের শেখ রিজেন্সী কমিউনিটি সেন্টারে এই সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে ও মতামতের ভিত্তিতে মনিরুল মাওলাকে সভাপতি, আবু দারদাকে সাধারণ সম্পাদক এবং টিপু সুলতানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
দিনের কর্মসূচি অনুযায়ী সম্মেলন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি নড়াইলের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর শেখ রিজেন্সী কমিউনিটি সেন্টারের হলরুমে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লায়ন নূর ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য এডভোকেট খালিদ হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. জিল্লুর রহমান সুমন, বিভাগীয় সাংগঠনিক উপকমিটির সদস্য শাকিল আহমেদ তিয়াস এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
এছাড়া আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক মো. তাহাজ্জত হোসেন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জসিম শেখ, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি আনিসুজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক মো. মাজেদুল ইসলামসহ জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সম্মেলনে বক্তারা সুনির্দিষ্টভাবে বলেন, ব্যক্তিগত জনপ্রিয়তা বা কোনো পদের লোভে নয়; বরং নীতি, আদর্শ, যোগ্যতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতাকেই নেতৃত্বের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। নড়াইলের সাধারণ কৃষক, শ্রমজীবী, তরুণ ও ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠায় এবং দুর্নীতি, বৈষম্য ও জবাবদিহিহীনতার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্যই এই নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করতে নবগঠিত এই কমিটি আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনের দ্বিতীয় ও শেষ অধিবেশনে কাউন্সিলরদের উন্মুক্ত মতামতের ভিত্তিতে মনিরুল মাওলাকে সভাপতি, আবু দারদাকে সাধারণ সম্পাদক এবং টিপু সুলতানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই সম্মেলন ও নতুন নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে নড়াইল জেলার বিভিন্ন উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।