রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগে ৫৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন মালামাল। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির সূত্রে জানা গেছে, নগরীর নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত এই অভিযানে ডিএমপির বিভিন্ন বিভাগ পৃথকভাবে অপরাধীদের গ্রেফতার করে। এর মধ্যে মিরপুর বিভাগ সর্বাধিক ১৭৪ জনকে গ্রেফতার করে। এছাড়া ওয়ারী বিভাগ ৮৫ জন, উত্তরা বিভাগ ৬১ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, গুলশান বিভাগ ৪৭ জন, লালবাগ বিভাগ ৩২ জন এবং রমনা বিভাগ ৩১ জনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে গোয়েন্দা (ডিবি) বিভাগ ৪ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ ৭ জনকে গ্রেফতার করে।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ২০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করেছে। মাদকের পাশাপাশি অপরাধকাজে ব্যবহৃত বা অবৈধভাবে অর্জিত ২১টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ৮টি ভিসা ও ক্রেডিট কার্ড, ১৪৬টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড এবং ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ধারাবাহিক তল্লাশি ও অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।