ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ৩১ অগাস্ট ২০২৬,  ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেন্টাগন প্রধান পিট হেগসেথকে শীর্ষ জেনারেলদের সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৬, গোলাবারুদ ও মাদক উদ্ধার নতুন পে-স্কেল: মন্ত্রিসভার বৈঠকে উঠছে খসড়া, বৃহস্পতিবারই প্রজ্ঞাপন জারির সম্ভাবনা ট্রাম্পের দূরদর্শী নেতৃত্বের প্রশংসায় বিশেষ দূত সার্জিও গর লারাক দ্বীপে মার্কিন হামলার পরই জর্ডানে ২ আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকান জনমতে রেকর্ড পতনে ট্রাম্প, ইসরায়েলেও তোপের মুখে নেতানিয়াহু মাগুরায় শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ কটিয়াদীতে সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৪ ডেঙ্গুতে এক দিনে আক্রান্ত ১০৯৭ ও ৩ জনের মৃত্যু মন্ট্রিলের বিপক্ষে মেসির ৪ গোল, মুগ্ধ সতীর্থ কাসেমিরো

স্টুটগার্টকে ৫-১ গোলে উড়িয়ে বায়ার্ন মিউনিখের দুর্দান্ত সূচনা


  • আপলোড সময় : শনিবার ২৯ আগস্ট, ২০২৬ সময় : ১:০৬ পিএম

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ গোল উৎসবের মধ্য দিয়েই বুন্দেসলিগার নতুন মৌসুমের দারুণ সূচনা করেছে। নিজেদের ঘরের মাঠ অ্যালিয়ান্স অ্যারেনায় আক্রমণাত্মক ফুটবলের পশরা সাজিয়ে ভিঞ্চেনসো কোম্পানির শিষ্যরা প্রতিপক্ষ স্টুটগার্টকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে দুমড়ে-মুচড়ে দিয়েছে। বাভারিয়ানদের এই দাপুটে জয়ে একক কোনো নায়ক ছিলেন না; বরং দায়োত উপামেকানো, মাইকেল ওলিসে, আলেকসান্ডার পাভলোভিচ ও নতুন সাইনিং লুইস দিয়াজ একটি করে গোল করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন। অন্য গোলটি আসে প্রতিপক্ষের আত্মঘাতী খাত থেকে।

 

ম্যাচজুড়েই বল দখল ও আক্রমণে পূর্ণ আধিপত্য বজায় রেখেছিল বায়ার্ন। অবশ্য বাভারিয়ানদের এমন বিশাল উদযাপনের রাতে কিছুটা বিষাদের ছায়া ছিল প্রধান স্ট্রাইকার হ্যারি কেইনের জন্য, পুরো ম্যাচে আক্রমণের কেন্দ্রে থেকেও জালে বল পাঠাতে পারেননি এই ইংলিশ তারকা। তবে জয়ের আনন্দের দিনে এক অনন্য ব্যক্তিগত রেকর্ড ও ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন বায়ার্নের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে ক্যারিয়ারের ৬০০তম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। পাশাপাশি বুন্দেসলিগার উদ্বোধনী ম্যাচে টানা ১৫ বছর ধরে অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ডও অক্ষুণ্ন রাখল বাভারিয়ানরা।

 

নিজেদের সমর্থকদের সামনে ম্যাচের ২১তম মিনিটে বায়ার্নকে প্রথম এগিয়ে দেন দায়োত উপামেকানো। মিডফিল্ডার জশুয়া কিমিচের নিখুঁত কর্নার থেকে উড়ে আসা বলে চমৎকার হেডে বল জালে জড়ান এই ফরাসি ডিফেন্ডার। প্রথমার্ধে স্টুটগার্টের গোলরক্ষক তিয়াগো টমাস বায়ার্নের একের পর এক আক্রমণ অসাধারণ দক্ষতায় রুখে দিলে ১-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় স্বাগতিকেরা।

 

বিরতি থেকে ফিরেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় সফরকারী স্টুটগার্ট। ম্যাচের ৫২তম মিনিটে জোশা ভাগনোমানের এক জোরালো ও দর্শনীয় ভলিতে সমতায় ফেরে তারা। তবে প্রতিপক্ষের সমতায় ফেরার সেই আনন্দ বেশি সময় স্থায়ী হতে দেয়নি বায়ার্ন। তিন মিনিটের ব্যবধানেই আবার স্বাগতিকদের লিড এনে দেন মাইকেল ওলিসে। এবারও জশুয়া কিমিচের বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন এই ফরাসি উইঙ্গার। এর কিছুক্ষণ পরেই ট্র্যাজিক হিরোতে পরিণত হন স্টুটগার্টের ভাগনোমান; বায়ার্ন ফুলব্যাক আলফনসো ডেভিসের বিপদজনক ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত নিজেদের জালে বল পাঠিয়ে দিলে বায়ার্ন ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।

 

পরবর্তীতে মাইকেল ওলিসের একটি চমৎকার গোল অফসাইডের কারণে বাতিল হলেও ৮২তম মিনিটে ঠিকই ব্যবধান বাড়িয়ে স্কোরলাইন ৪-১ করেন আলেকসান্ডার পাভলোভিচ। বদলি হিসেবে নামা মরক্কোর নতুন ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি দারুণ সুযোগ পেয়েও নিজে না খেলে বল পাস করেন পাভলোভিচকে, যা জালে পাঠাতে ভুল করেননি তিনি। সাইবারির চমৎকার অ্যাসিস্টের ধারা বজায় থাকে ম্যাচের নির্ধারিত সময়ের একেবারে শেষভাগেও। যোগ করা সময়ে তার বাড়িয়ে দেওয়া দ্বিতীয় অ্যাসিস্ট থেকে চমৎকার ফিনিশিংয়ে স্টুটগার্টের কফিনে পঞ্চম পেরেকটি ঠুকে দেন দলের নতুন চুক্তিভুক্ত তারকা লুইস দিয়াজ। শেষ পর্যন্ত ৫-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।


এ সম্পর্কিত আরো খবর