ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েতের ছেলে চয়ন (২৩), একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)। এদের মধ্যে চয়ন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অন্য দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রত্যক্ষদর্শী আব্দুল বাতেনসহ কয়েকজন জানান, নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে ছুটে যান। সেখানে তারা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হতে দেখেন। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিন যুবকই সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। মোটরসাইকেল চালক চয়ন মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় নয়ন ও সিয়াম ওরফে সজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতে সেখানে তাদের মৃত্যু হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় চয়ন নামে একজন হাসপাতালে আনার আগেই মারা যান এবং গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ঢাকায় পাঠানো হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।