ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা!


  • আপলোড সময় : রবিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:১৪ এএম

ঢাকার সাভারে প্রাইভেটকার রাখা নিয়ে বাগবিতণ্ডার জেরে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী মদিনা হাউজিং এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি সাভারের আমিনবাজার বড়দেশী মদিনা সিটি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং রাজধানী ঢাকার মালিবাগ জোনে এসআই হিসেবে কর্মরত ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা যায়, আমিনবাজারের বড়দেশী মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা কেন্দ্র করে স্থানীয় ১০ থেকে ১৫ জনের একটি দলের সঙ্গে এসআই আলতাফ হোসেন এবং তার ছেলে আরিফুলের মধ্যে কথাকাটাকাটি হয়। তর্কাতর্কির একপর্যায়ে প্রতিপক্ষ হামলা চালিয়ে বাবা ও ছেলেকে এলোপাতাড়ি মারধর করে মারাত্মকভাবে আহত করে।

 

পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, সাভারের আমিনবাজার এলাকায় এসবি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়েই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন।

 

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলতঃ নিজ বাসভবনের নিকটেই একটি প্রাইভেটকার পার্কিং করা সংক্রান্ত দুই পক্ষের অভ্যন্তরীণ ঝামেলা মেটাতে গিয়েছিলেন এসবির ওই সদস্য। সে সময় হামলাকারীদের মারধরে আহত হয়ে আলতাফ হোসেন মৃত্যুবরণ করেন এবং তার ছেলেও গুরুতর আহত হন। এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দ্রুত সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এদিকে এসবির সাভার জোনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ রানা জানান, নিহত আলতাফ হোসেন এসবিতে কর্মরত থাকলেও তিনি সাভার জোনের অধীনস্থ ছিলেন না। আমিনবাজারে তার নিজস্ব জায়গা-জমি রয়েছে। পুরো বিষয়টি কী কারণে এবং কীভাবে সংগঠিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 


এ সম্পর্কিত আরো খবর