কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখা। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আনন্দঘন এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি হিসেবে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত ও উৎসবমুখর হয়ে ওঠে।
জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক নায়েবে আমির অধ্যাপক মোসাদ্দেক ভূইয়া এবং সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। শুধু জিপিএ-৫ পাওয়াকে সাফল্যের চূড়ান্ত মানদণ্ড বিবেচনা না করে, অর্জিত জ্ঞান ও নৈতিক শিক্ষার সঠিক সমন্বয়ে নিজেদের ভবিষ্যতের জন্য যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করার আহ্বান জানান তারা।
আয়োজকদের পক্ষে থেকে জানানো হয়, কৃতী শিক্ষার্থীদের কৃতিত্বের সঠিক মূল্যায়ন করা এবং তাদের ভবিষ্যৎ পড়াশোনায় আরও উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন। শিক্ষার্থীরা যেন তাদের মেধা, যোগ্যতা ও নৈতিকতা কাজে লাগিয়ে আগামীতে দেশ ও সমাজের সর্বাঙ্গীন কল্যাণে সক্রিয় ভূমিকা রাখতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করেন তারা।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।