মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মায় তীব্র স্রোতের কবলে পড়ে পাটুরিয়া থেকে যানবাহন ও যাত্রী নিয়ে আসা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান (রো রো) ফেরিটি দৌলতদিয়া ঘাটে এসে ভিড়তে না পেরে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসে ফেরিটি। পরে দৌলতদিয়া ঘাটে এসে স্রোতের কারণে ভিরতে না পেরে উল্টোপথে ভাটিতে চলে যায়। অপরদিকে আইটি ৯৬ টাকবোটের সাহায্যে ফেরিটি দুপুর ২টা ১০ মিনিটে পাটুরিয়া ঘাটে নিরাপদে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি জানান, মাঝ নদী পার হলে তীব্র স্রোতের কবলে পড়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরবর্তী সময়ে ফেরিটি স্রোতে নিচের দিকে যেতে থাকলে সেখানেই নোঙর করা হয়।
ফেরিটিতে ৮টি যাত্রীবাহী বাস, ৪টি ট্রাক ও ৩টি প্রাইভেটকার রয়েছে। মাঝে মধ্যে তীব্র স্রোতের কারণে এ ধরনের ঘটনা ঘটে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ নম্বর ফেরিঘাটে ভেড়ার আগে তীব্র স্রোতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় স্রোতে ফেরিটিকে বেশ কয়েক কিলোমিটার ভাটিতে ভাসিয়ে নিয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা।
ফেরিতে থাকা রাবেয়া পরিবহনের সুপারভাইজার মোহাম্মদ রিয়াজ জানান, হঠাৎ ফেরিটি দৌলতদিয়া ঘাটে পৌঁছালে পন্টুনে ভিরতে পারেনি। ফেরিটি তীব্র স্রোতে প্রায় ৮-১০ কিলোমিটার দুরে নিয়ে যায়। এসময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।