ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার নতুন আয় কত?


  • আপলোড সময় : বুধবার ০৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:৩৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত রাজনৈতিক নেতা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স অং-এর আয় আরও বৃদ্ধি পাচ্ছে। নতুন প্রস্তাবিত সিদ্ধান্ত কার্যকর হলে তাঁর বার্ষিক বেতন প্যাকেজ ২.২ মিলিয়ন সিঙ্গাপুর ডলার থেকে এক লাফে ৬০ শতাংশেরও বেশি বেড়ে ৩.৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলারে (প্রায় ২.৮ মিলিয়ন মার্কিন ডলার) দাঁড়াবে। তবে এই অতিরিক্ত আয় নিজের ব্যক্তিগত কাজে রাখবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। আগামী পাঁচ বছর বর্ধিত এই পুরো অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন অং।

 

সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে কেবল প্রধানমন্ত্রীই নন, দেশের মন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদেরও পারিশ্রমিক বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিঙ্গাপুর সরকারের মূল যুক্তি হলো—বেসরকারি খাতের সফল ব্যবসায়ী, দক্ষ পেশাজীবী ও শীর্ষ আমলাদের নীতি-নির্ধারণী রাজনীতিতে আকৃষ্ট করতেই অত্যন্ত প্রতিযোগিতামূলক এই বেতন কাঠামো বজায় রাখা প্রয়োজন। তবে দেশটিতে জীবনযাত্রার অতিরিক্ত ব্যয় বৃদ্ধি ও সাম্প্রতিক সময়ে কর্মী ছাঁটাইয়ের কারণে চাকরির নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের এই পদক্ষেপকে ‘বাস্তবতাবিবর্জিত’ আখ্যা দিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। খোদ প্রধানমন্ত্রী লরেন্স অং স্বীকার করেছেন যে, সাধারণ নাগরিকদের আয়ের (গড় মাসিক আয় ৫,৭৭৫ সিঙ্গাপুর ডলার) তুলনায় সরকারের মন্ত্রীদের এই বিশাল অঙ্কের বেতন কাঠামোর বৈষম্য নিয়ে জনগণের অসন্তোষ রয়েছে।

 

প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী, সাধারণ মন্ত্রীদের মূল বার্ষিক বেতন ১.১ মিলিয়ন থেকে বেড়ে ১.২ মিলিয়ন সিঙ্গাপুর ডলার হবে। এর সঙ্গে বেকারত্বের হার হ্রাস ও জিডিপি প্রবৃদ্ধির ওপর নির্ভর করে পারফরম্যান্স বোনাস যুক্ত হয়ে একেকজন মন্ত্রী মেয়াদের শেষে প্রায় ১.৩৫ মিলিয়ন সিঙ্গাপুর ডলার পর্যন্ত আয় করবেন।

 

উল্লেখ্য, লরেন্স অং-এর এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে তা বিশ্বের অন্য সব রাষ্ট্রনেতাদের আয়কে বহুদূরে ফেলে দেবে। যেখানে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের বার্ষিক বেতন প্রায় ৬ লাখ ৬ হাজার মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪ লাখ ডলার এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের আয় প্রায় ২ লাখ ৩০ হাজার ডলার; সেখানে লরেন্স অং-এর নতুন আয় দাঁড়াবে প্রায় ২৮ লাখ মার্কিন ডলারে। এর আগেও ২০০৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং একই নীতি অনুসরণ করে বর্ধিত বেতন সামাজিক কল্যাণে দান করেছিলেন। সৎ ও দুর্নীতিমুক্ত আমলাতন্ত্র নিশ্চিত করতে সিঙ্গাপুর দীর্ঘদিন ধরে এই মডেল অনুসরণ করে আসছে।


এ সম্পর্কিত আরো খবর