ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর থেকে ৩ মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান

ডেঙ্গুতে ১৩৭ জনের মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ০৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:২৬ পিএম

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে মহা-গুরুত্বপূর্ণ এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।


বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস’ বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


অভিযানের উদ্বোধনী কর্মসূচি সুষ্ঠুভাবে সমন্বয়ের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিলটনকে যুগ্ম আহ্বায়ক করে একটি শক্তিশালী জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার। সার্বিক কার্যক্রমে জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও মাঠপর্যায়ে প্রয়োজনীয় প্রচার-প্রচারণায় সার্বিক সহযোগিতা প্রদান করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।


সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার দেশের ৬৪টি জেলা ও ৫০৩টি উপজেলাসহ সকল ইউনিয়ন, পৌরসভা ও মহানগর পর্যায়ে নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে। অভিযানের অংশ হিসেবে এডিস মশার লার্ভা উৎপন্ন ও বংশবৃদ্ধি হতে পারে এমন সম্ভাব্য স্থানসমূহ চিহ্নিত করে তা ধ্বংস করার পাশাপাশি সাধারণ ময়লা-আবর্জনাও দ্রুত অপসারণ করা হবে।


প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত এডিস মশার প্রজনন হার অস্বাভাবিক বৃদ্ধি পায়, যা ডেঙ্গুর প্রকোপ মারাত্মক করার ঝুঁকি তৈরি করে। সেই কারণে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার পাশাপাশি এবার এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সমন্বিত পরিচ্ছন্নতা কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের প্রাপ্ত তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১৩৭ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় তিন হাজার রোগী।


দেশব্যাপী পরিচালিত এই বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি কলেজ, হাইস্কুল ও মাদরাসাকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত প্রতি শনিবার শিক্ষক ও শিক্ষার্থীরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন করে স্ব-স্ব নির্ধারিত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। বিশেষ করে শহরের ড্রেন বা নর্দমা, খাল, পুকুরের জমা কচুরিপানা, খেলার মাঠসহ যেখানেই এডিস মশার প্রজনন ঘটার আশঙ্কা রয়েছে, সেই স্থানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পরিষ্কার করা হবে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা পর্যায়ের প্রতিটি হাসপাতালে ইতোমধ্যে পাঁচটি করে বিশেষ শয্যা প্রস্তুত রাখা হয়েছে, যা প্রয়োজনে আরও বৃদ্ধি করা হবে।


উদ্বোধনী মহতী কর্মসূচিতে সরাসরি অংশ নেবেন বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্বেচ্ছাসেবক এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। একই সময়ে ৬৪টি জেলার জেলা প্রশাসক ও ৫০৩টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অনলাইনে সরাসরি যুক্ত থাকবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য প্রদান করার পরপরই জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা একযোগে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করবেন।


জরুরি এই মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মিজ্‌ ফারাহ শাম্মী, এনডিসি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত‌ চন্দ্র‌ বিশ্বাস, বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক মোঃ শামসুল হক, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ হাবিবুর রহমান খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



এ সম্পর্কিত আরো খবর