হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুলাল ভূষণ দেব (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি-চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল ভূষণ দেব মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি স্থানীয় মনতলা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।
দুর্ঘটনাকবলিত সিএনজির যাত্রী মোস্তাক জানান, বৃহস্পতিবার সকালে দুলাল দেবসহ তারা মনতলা বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে চুনারুঘাটের মুরারবন্দে হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন।
পথে মহাসড়কের চাকলপুঞ্জি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই দুলাল ভূষণ দেবের মৃত্যু হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের এসআই নারায়ণ দেব ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতার কারণে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।