ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

বিভিন্ন দাবিতে ফুডপান্ডার হেড অফিস ঘেরাও করে রাইডারদের বিক্ষোভ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:৫০ পিএম

ন্যায্য ডেলিভারি চার্জ, যথাযথ পারিশ্রমিক, স্বচ্ছ নীতিমালা, জরিমানা ও অ্যাকাউন্ট সাসপেনশনের সঠিক ব্যবস্থা এবং বীমা সুবিধাসহ একাধিক যৌক্তিক দাবিতে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডার প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছেন রাইডাররা। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অবস্থিত ফুডপান্ডার হেড অফিসের সামনে অবস্থান নিয়ে আন্দোলনরত রাইডাররা তাঁদের কাজের বর্তমান পরিবেশ, কমে যাওয়া আয় এবং বিভিন্ন কঠোর নিয়মকানুন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এ সময় রাইডাররা প্ল্যাটফর্মটির নীতিমালার সংশোধন এবং তাঁদের সার্বিক সুরক্ষার সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন।


অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া রাইডাররা জানান, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় রোদ-বৃষ্টি মাথায় নিয়ে টানা কাজ করেও তাঁরা প্রত্যাশিত আয় করতে পারছেন না। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লেও তাঁদের পারিশ্রমিক বাড়েনি। রাইডারদের প্রাপ্ত ডেলিভারি চার্জ ও পারিশ্রমিক নির্ধারণের প্রক্রিয়াটি একেবারেই অস্পষ্ট। এর পাশাপাশি ইনসেন্টিভ ও বোনাস ব্যবস্থার পর্যাপ্ততা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। সামান্য অসংগতি বা অযৌক্তিক কারণে রাইডারদের আইডি বা অ্যাকাউন্ট হঠাৎ স্থগিত বা সাসপেন্ড করা এবং মোটা অঙ্কের জরিমানা বা লেট ফি আরোপের মতো বিষয়গুলো তাঁদের দৈনন্দিন কাজ ও জীবনযাত্রাকে চরম ঝুঁকিপূর্ণ ও কঠিন করে তুলছে।


আন্দোলনরত রাইডারদের অভিযোগ, একজন রাইডার প্রতিদিন সারাদিন কষ্ট করে যে টাকা আয় করেন, তার একটি বড় অংশ চলে যায় বাইক বা সাইকেলের প্রতিদিনের জ্বালানি খরচ, গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং মোবাইল ডেটা কেনার পেছনে। এর ফলে তাঁদের মূল আয় থেকে এই পরিচালন ব্যয় বা অপারেটিং কস্ট বাদ দিলে প্রকৃতপক্ষে মাস শেষে হাতে আর তেমন কিছুই থাকে না। ফলে পরিবার পরিজন নিয়ে জীবনযাত্রার ব্যয় বহনের ক্ষেত্রে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


বিক্ষোভ চলাকালে রাইডাররা বিভিন্ন সুনির্দিষ্ট ক্ষোভ ও দাবি তুলে ধরে স্লোগান দিতে থাকেন। তাঁদের তোলা প্রধান দাবি ও ক্ষোভগুলোর মধ্যে ছিল— ‘গরিবের পেটে লাথি আর কতদিন?’, ‘গরিবের পেটে লাথি মেরে ব্যবসা টেকে না; টিকে থাকতে হলে যারা রাস্তায় ঘাম ঝরান, তাদেরও ভালোভাবে বাঁচার সুযোগ দিতে হয়’ এবং ‘কথা বললেই চাকরি নেই, কষ্ট-যন্ত্রণা যেন নিত্যসঙ্গী ফুডপান্ডা রাইডারদের’। তাঁরা অভিযোগ করেন, নিয়মের বেড়াজালে আটকে তাঁদের আয় কমে গেছে কিন্তু খরচ দিন দিন বেড়েই চলেছে। রাইডারদের আকুল আকুতি— জ্বালানি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বিবেচনায় নিয়ে পারিশ্রমিক কাঠামো ঢেলে সাজাতে হবে, অ্যাপে থাকা জটিল নীতিপ্রক্রিয়া সহজ ও পরিষ্কার করতে হবে এবং ইনসেন্টিভ, বোনাস, নিরাপত্তা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করতে হবে।


দীর্ঘ সময় অফিসের সামনে রাইডারদের উত্তাল অবস্থানের পর পরিস্থিতির পর্যালোচনায় ফুডপান্ডা কর্তৃপক্ষ আলোচনার উদ্যোগ নেয়। আন্দোলনকারীদের মধ্য থেকে ৫–৬ জন রাইডার প্রতিনিধিকে তাঁদের হেড অফিসের ভেতরে নিয়ে যাওয়া হয় বলে কর্মসূচিতে উপস্থিত রাইডাররা নিশ্চিত করেছেন। সেখানে ফুডপান্ডার উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে রাইডারদের উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। রাইডাররা পরিষ্কার জানিয়েছেন, তাঁরা প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করে যেতে চান, তবে কাজের পরিবেশ, যুক্তিসংগত পারিশ্রমিক এবং প্রশাসনিক স্বচ্ছতা না থাকলে তাঁদের টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়।


এ সম্পর্কিত আরো খবর