ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

দুমকি কলেজ মাঠের পাশে ইটের স্তূপে মিলল গুলি


  • আপলোড সময় : রবিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:১৭ পিএম

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় দুমকি সরকারি জনতা কলেজ মাঠের পূর্ব পাশে একটি টিনের বেড়ার পাশে অর্জুন গাছের নিচে পুরোনো ইটের স্তূপের মধ্য থেকে গুলিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দুমকি থানায় খবর আসে, কলেজ মাঠের পূর্ব পাশে পুরোনো ইটের স্তূপের মধ্যে একটি গুলি পড়ে রয়েছে। খবর পেয়ে দুমকি থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুলিটি পড়ে থাকার বিষয়টির সত্যতা পান।

পুলিশ জানায়, সৃজনী বিদ্যানিকেতনের কয়েকজন শিক্ষার্থী দুমকি সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবলটি মাঠের পূর্ব পাশে টিনের বেড়ার কাছে অর্জুন গাছের নিচে থাকা পুরোনো ইটের স্তূপের ওপর চলে যায়। বলটি আনতে গিয়ে এক শিক্ষার্থী ইটের স্তূপের মধ্যে গুলির পেছনের অংশ দেখতে পায়।

বিষয়টি দেখতে পেয়ে ওই শিক্ষার্থী অন্যদের জানায়। পরে স্থানীয়রা ঘটনাটি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরোনো ইটের স্তূপের মধ্য থেকে ধাতব তৈরি তামাটে রঙের একটি গুলি উদ্ধার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা গুলিটির দৈর্ঘ্য প্রায় ৫ দশমিক ৫ ইঞ্চি। এর পেছনের অংশ মোটা ও গোলাকার এবং সামনের অংশ সুচালো। গুলিটির পেছনের অংশে ‘আর এ ৪২’ লেখা খোদাই করা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রোববার দুপুর ১২টা ৫ মিনিটে গুলিটি জব্দতালিকা মূলে জব্দ করা হয়। তবে গুলিটি কী ধরনের অস্ত্রের জন্য ব্যবহৃত হয়, সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। গুলিটি কতদিন ধরে সেখানে পড়ে ছিল বা কে সেখানে রেখে গেছে, তা নিয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় কোনো আসামি বা অভিযুক্ত নেই এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি। গুলিটি উদ্ধারের ঘটনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। গুলিটি কোনো অপরাধের ঘটনায় ব্যবহৃত হয়েছিল কি না, কিংবা কোনো ব্যক্তি এটি ওই স্থানে রেখে গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, গুলিটি কোথা থেকে এবং কীভাবে ওই স্থানে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা গুলিটি যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুমকি থানার জিডি নং-৫৫৭, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬, লিপিবদ্ধ করা হয়েছে। তদন্তের মাধ্যমে গুলিটির উৎস ও সেখানে পড়ে থাকার কারণ জানার চেষ্টা চলছে।


এ সম্পর্কিত আরো খবর