ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত


  • আপলোড সময় : সোমবার ১৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১১:৩১ এএম

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালির মধ্য দিয়ে নতুন একটি সামুদ্রিক নৌপথ চালুর ব্যবস্থা নিয়ে আঞ্চলিক বৈঠক স্থগিত করেছে ওমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণে এ বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৈঠকের নতুন তারিখ ঘোষণা করা হয়নি।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার রাতে জানায়, গঠনমূলক সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে বৈঠকটি পরবর্তী তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি সহযোগিতা ও শান্তির জন্য টেকসই সমঝোতার সুযোগ তৈরি করাই এ সিদ্ধান্তের উদ্দেশ্য।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ঐকমত্যের স্বার্থে সালালাহতে নির্ধারিত আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী সহযোগিতাকে এগিয়ে নিতে সংলাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

বৈঠকে বাহরাইন, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরব ও কুয়েতের অংশ নেওয়ার কথা ছিল। তবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত কিছু জানাননি এবং নতুন কোনো তারিখও ঘোষণা করেননি।

বৈঠক স্থগিতের এক দিন আগে বাহরাইন ইরানকে নিয়ে প্রস্তাবিত আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায়। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায়, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগে তেহরানকে নিয়ে কোনো সম্মিলিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবে না মানামা।

বাহরাইনের এই অবস্থান আসে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে প্রস্তাবিত বৈঠকের খবর প্রকাশের পর। দেশটি জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচলসংক্রান্ত যেকোনো ব্যবস্থা ১৯৮২ সালের সমুদ্র আইনবিষয়ক জাতিসংঘের কনভেনশনের ভিত্তিতে হতে হবে। একই সঙ্গে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সব সদস্য দেশের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও জানিয়েছে বাহরাইন।


এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, ওমানের আতিথেয়তায় আট উপসাগরীয় দেশের অংশগ্রহণে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের একটি আঞ্চলিক বৈঠক আয়োজন করা হবে। বৈঠকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ নতুন নৌপথ নির্ধারণ নিয়ে ইরান ও ওমানের আলোচনার ফলাফল পর্যালোচনা করার কথা ছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এর আগে লন্ডনভিত্তিক আরবি ভাষার সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদকে বলেছিলেন, বৈঠকের মূল এবং একমাত্র আলোচ্যসূচি হবে হরমুজ প্রণালিতে নতুন সামুদ্রিক নৌপথ। তার দাবি, ইরান ও ওমান নতুন নৌপথের বিষয়ে একটি সমঝোতা চূড়ান্ত করেছে। এর সঙ্গে নৌপথের মানচিত্র ও ব্যবস্থা নিয়ে যৌথ বিবৃতিও রয়েছে।

তবে আরাকচি স্পষ্ট করে বলেন, ওমানের সঙ্গে এ সমঝোতার অর্থ কোনোভাবেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নয়। এর আগে ইরান ও ওমান প্রণালির ভবিষ্যৎ নৌ চলাচল ব্যবস্থাপনা নিয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা চালিয়ে আসছিল।

হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। সাম্প্রতিক মাসগুলোতে ইরান, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনার কারণে এ জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান ও ওমান এরই মধ্যে অস্থায়ী নিরাপদ নৌপথ তৈরির বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি


এ সম্পর্কিত আরো খবর