ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,  ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেশকার-কেরানিদের কোটি টাকার সাম্রাজ্য, আদালতে বিচারহীনতার করুণ চিত্র! মার্কিন রণতরিতে ফুটবল জাদুকর, তিন দশক পর ছড়ালো ম্যারাডোনার ছবি পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে রক্তক্ষয়ী হামলা, নিহত বেড়ে ৩১ স্বর্ণের বাজারে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো প্রায় ১৭০০ টাকা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথে মেক্সিকো ফ্যাশন আইকন ও কালজয়ী নায়ক সালমান শাহের আজ জন্মদিন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ জ্বালানি সংকটে কিউবায় ফের দেশজুড়ে অন্ধকার ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে হারাল বায়ার্ন মিউনিখ সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করলেন ট্রাম্প

নতুন আঞ্চলিক জোট ‘কার্পেথিয়ান এইট’ চালু করলেন জেলেনস্কি


  • আপলোড সময় : শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:০২ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপের কার্পেথিয়ান অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে নতুন আঞ্চলিক উদ্যোগ ‘কার্পেথিয়ান এইট’ বা ‘সি৮’ চালু করেছেন। পরিবহন ও জ্বালানি অবকাঠামো শক্তিশালী করা, সামরিক চলাচলের সক্ষমতা বাড়ানো এবং বিনিয়োগ সম্প্রসারণকে এই উদ্যোগের গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন তিনি।


শুক্রবার ইউক্রেনে প্রথমবারের মতো অনুষ্ঠিত কার্পেথিয়ান এইটের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে জেলেনস্কি এসব কথা বলেন। নতুন এই সহযোগিতা কাঠামোয় ইউক্রেনের সঙ্গে রোমানিয়া, সার্বিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া, চেকিয়া, অস্ট্রিয়া ও হাঙ্গেরি যুক্ত হয়েছে। পাশাপাশি পুরো ইউরোপীয় ইউনিয়নকেও এই উদ্যোগের সঙ্গে রাখা হয়েছে।


জেলেনস্কি বলেন, আঞ্চলিক সহযোগিতা আরও কার্যকর করতে সড়ক ও রেলপথের আধুনিকায়ন দ্রুত করা প্রয়োজন। একই সঙ্গে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানো এবং সামরিক চলাচল আরও সহজ করার ওপর গুরুত্ব দিতে হবে। তার মতে, এসব পদক্ষেপ প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


জ্বালানি খাতের সহযোগিতাকেও নতুন উদ্যোগের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, অংশগ্রহণকারী দেশগুলোর জ্বালানি ব্যবস্থার মধ্যে আরও বেশি আন্তঃসংযোগ স্থাপন করা প্রয়োজন। পাশাপাশি জ্বালানি সংরক্ষণাগার, নবায়নযোগ্য জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং উৎপাদন খাতে পারস্পরিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।


জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, কার্পেথিয়ান অঞ্চলে ইতোমধ্যে সীমান্তপারের বাণিজ্য ও জ্বালানি যোগাযোগের শক্তিশালী ভিত্তি রয়েছে। ইউক্রেনে ইউরোপের অন্যতম বৃহৎ কৌশলগত গ্যাস সংরক্ষণাগারও এই অঞ্চলে অবস্থিত বলে তিনি উল্লেখ করেন। এসব অবকাঠামোকে কাজে লাগিয়ে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।


কার্পেথিয়ান অঞ্চলকে দক্ষিণ ককেশাস ও এশিয়া থেকে কৃষ্ণসাগর হয়ে ইউরোপের দিকে যাতায়াতের একটি স্বাভাবিক প্রবেশদ্বার হিসেবেও বর্ণনা করেন জেলেনস্কি। তার মতে, অঞ্চলটির দেশগুলো জলবায়ু, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সমস্যা মোকাবিলায় এককভাবে নয়, বরং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


জেলেনস্কি বলেন, কার্পেথিয়ান অঞ্চলকে এতদিন মূলত পর্যটন, জলবায়ু এবং স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তার দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। তবে এই অঞ্চলের ভূমিকা আরও বিস্তৃত হওয়া উচিত। তার মতে, কার্পেথিয়ান অঞ্চলকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ এবং জ্বালানি রপ্তানির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত করা সম্ভব।


ইউরোপীয় ইউনিয়নের নীতিনির্ধারণেও কার্পেথিয়ান অঞ্চলের জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এসব নীতি বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অর্থ ও প্রয়োজনীয় সম্পদ বরাদ্দের ওপর জোর দেন ইউক্রেনের প্রেসিডেন্ট।


নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রতিবেশী অঞ্চলগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানান জেলেনস্কি। তিনি বলেন, কার্পেথিয়ান এইট ইউক্রেনের বাল্টিক ও নর্ডিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা, দানিয়ুব ও কৃষ্ণসাগরীয় অঞ্চল এবং বলকান ও দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে বিদ্যমান সহযোগিতার পরিপূরক হিসেবে কাজ করবে।


প্রথম কার্পেথিয়ান এইট সম্মেলনকে কেন্দ্র করে ইউক্রেনের কার্পেথিয়ান অঞ্চলে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা একত্র হয়েছেন। নতুন এই কাঠামোর মাধ্যমে নিরাপত্তা, জ্বালানি, পরিবহন, সীমান্তপারের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় সমন্বয় বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি


এ সম্পর্কিত আরো খবর