ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,  ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেশকার-কেরানিদের কোটি টাকার সাম্রাজ্য, আদালতে বিচারহীনতার করুণ চিত্র! মার্কিন রণতরিতে ফুটবল জাদুকর, তিন দশক পর ছড়ালো ম্যারাডোনার ছবি পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে রক্তক্ষয়ী হামলা, নিহত বেড়ে ৩১ স্বর্ণের বাজারে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো প্রায় ১৭০০ টাকা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথে মেক্সিকো ফ্যাশন আইকন ও কালজয়ী নায়ক সালমান শাহের আজ জন্মদিন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ জ্বালানি সংকটে কিউবায় ফের দেশজুড়ে অন্ধকার ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে হারাল বায়ার্ন মিউনিখ সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করলেন ট্রাম্প

সৌদি-হুথি সংঘাতে নতুন উত্তেজনা, পালাচ্ছে ইয়েমেনিরা


  • আপলোড সময় : শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৪৪ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব ইয়েমেন ও সৌদি আরবের সীমান্তেও ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সৌদি আরব ও ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিদের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে সংঘাত থেকে বাঁচতে ইয়েমেনের বহু মানুষ নৌকায় করে লোহিত সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। এতে উপসাগরীয় দেশগুলোর তেল সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


হুথি নিয়ন্ত্রিত টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বাহিনী লোহিত সাগরের উপকূলসংলগ্ন ইয়েমেনের হাজ্জাহ প্রদেশে এবং আরও দক্ষিণে তাইজের আশপাশে বিমান হামলা চালিয়েছে। সীমান্তবর্তী এসব এলাকায় নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও বাড়ছে।


এরই মধ্যে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের আকাশে একটি ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষের আঘাতে সৌদি আরবে বসবাসরত এক ইয়েমেনি নিহত হয়েছেন। গত সপ্তাহে সংঘাত তীব্র হওয়ার পর হুথিদের ধারাবাহিক হামলায় সৌদি আরবের পক্ষ থেকে এটিই প্রথম মৃত্যুর খবর। এর আগে এসব হামলায় ৮০ জনের বেশি মানুষ আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।


অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ডস নৌবাহিনীর দাবি, তোগোর পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে কথিত ‘অবৈধভাবে’ যাওয়ার চেষ্টা করার সময় আঘাতপ্রাপ্ত হয়ে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। আগুন লাগার পর ট্যাংকারটি থেমে যায় বলে জানিয়েছে বিপ্লবী গার্ডস নৌবাহিনী।


ইয়েমেন ও সৌদি আরব পর্যন্ত যুদ্ধের বিস্তৃতি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানির বিকল্প প্রধান পথ হিসেবে ব্যবহৃত লোহিত সাগরের নৌপথও এখন সংঘাতের ঝুঁকিতে পড়েছে। একই সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় বৈশ্বিক তেল সরবরাহ পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।


এদিকে হুথিদের মোকাবিলায় সৌদি আরবের সামরিক সহায়তার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর যুক্তরাষ্ট্র দুই মাস ধরে হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর পর ওয়াশিংটনের সঙ্গে গোষ্ঠীটির একটি যুদ্ধবিরতি হয়েছিল।


জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টি রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ফেব্রুয়ারির হামলার পর যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে।


বৃহস্পতিবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের হামলা চালানো হবে কি না, সে বিষয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাছাকাছি রয়েছেন। তিনি বলেন, ‘আমার সামনে একটি বড় সিদ্ধান্ত আসছে। আমি কি তাদের ধ্বংস করে দিতে চাই, নাকি চাই না—এটি বড় সিদ্ধান্ত। আমার ক্ষেত্রে যেকোনো কিছুই ঘটতে পারে।’ এর আগে ট্রাম্প বড় ধরনের নতুন হামলার হুমকি দিলেও সেগুলোর সবগুলো বাস্তবায়িত হয়নি।


এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে এক লাখের বেশি ইয়েমেনি বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অধিকাংশই ইয়েমেনের অভ্যন্তরেই অন্যত্র আশ্রয় নিয়েছেন। তবে সংঘাত থেকে পালিয়ে কিছু মানুষ নৌপথে জিবুতির দিকে যাওয়ারও চেষ্টা করছেন।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমলেও তা ব্যারেলপ্রতি ১০০ ডলারের অনেক ওপরে রয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রে খুচরা ডিজেলের গড় দাম প্রতি গ্যালনে প্রায় ৬ ডলার ৪০ সেন্টে পৌঁছে রেকর্ড উচ্চতায় উঠেছে।  সূত্র: রয়টার্স

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর