ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন। একই সঙ্গে কোনো ধরনের বাহ্যিক প্রভাব বা চাপের বাইরে রেখে নিরপেক্ষ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভায় এই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে আয়োজিত উক্ত প্রতিবাদ সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা বক্তব্য প্রদান করেন।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম সাহান, অর্থ সম্পাদক খন্দকার কামাল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনির হোসেন পিন্টু, দপ্তর সম্পাদক মো. অহিদুজ্জামান মোল্যা এবং সদস্য মুহম্মদ মাসুদুর রহমান লিমনসহ আরও অনেকে।
সভায় উপস্থিত বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্থানীয় পত্রিকার স্বত্ব ও মালিকানা হস্তান্তর সংক্রান্ত বিষয়টি বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ায় বিচারাধীন রয়েছে। কিন্তু সেই বিরোধকে কেন্দ্র করে শেখ ফয়েজ আহমেদকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার হীন উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্রের ইন্ধনে এই মামলা দায়ের করা হয়েছে।
সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যেকোনো ধরনের উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। শেখ ফয়েজ আহমেদের বিরুদ্ধে করা মামলাটির তদন্তভার কোনো স্বার্থান্বেষী মহলের প্রভাবমুক্ত রেখে নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সাথে পত্রিকার মালিকানা সংক্রান্ত বিরোধ আইনি নিয়ম মেনে সুষ্ঠুভাবে নিষ্পত্তির দাবি জানান বক্তারা।