সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক বার্তা বা চিঠি পেলে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তবে সোমবার পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি সংসদ থেকে ইসিতে পৌঁছায়নি বলে জানান তিনি। রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে ইসি সচিব এই তথ্য নিশ্চিত করেন।
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্পিকারকে বিধি মোতাবেক অবহিত করার পরই মরিয়মের বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে মামলার সুষ্ঠু তদন্ত ও জিজ্ঞাসাবাদের স্বার্থে আদালতের আদেশে তিনি আইনি রিমান্ডে রয়েছেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখন পর্যন্ত জাতীয় সংসদ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি নির্বাচন কমিশনে আসেনি। যদিও রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে ইতোমধ্যে চিঠি দিয়েছে, কিন্তু আইন ও সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদ থেকে অফিসিয়াল চিঠি না আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার সরাসরি কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, নিহত মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নৈতিক স্খলনের অভিযোগে সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সাথে তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার আইনি ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল দলটি। তবে সংসদ সচিবালয়ের চিঠিই এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের মূল আইনি ভিত্তি বলে জানান ইসি সচিব।