রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় নিয়মিত পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের নির্মম হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন সুমাইয়া রহমান নামের এক বেসরকারি চাকরিজীবী তরুণী। গত মঙ্গলবার রাতে বনশ্রীর এফ ব্লকের লাল মিয়া গলিতে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। আকস্মিক এই হামলায় ওই তরুণীর মুখ, চোখ ও পিঠে গুরুতর আঘাতের চিহ্ন সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে ভুক্তভোগী সুমাইয়া রহমান জানান, প্রতিদিনের মতো ঘটনার রাতেও তিনি বনশ্রী এফ ব্লকের ৮/৩ নম্বর রোডের লাল মিয়া গলির একটি কাপড়ের দোকানের সামনে কয়েকটি পথকুকুরকে খাবার দিচ্ছিলেন। কুকুরগুলো দোকানের সিঁড়ির ওপর উঠে যাওয়ায় দোকানের ভেতরে থাকা ১০-১২ বছরের এক কিশোর তাঁকে সেখান থেকে সরে যেতে বলে। সরতে সামান্য দেরি হওয়ায় ওই কিশোর তাঁকে কটু ভাষায় গালিগালাজ করে। এ বিষয়ে প্রতিবাদ করায় দোকানটির ভেতরে থাকা ২০-২২ বছর বয়সী এক যুবক অতর্কিতভাবে তাঁর মুখের ওপর ঘুষি মারে।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত যুবক তাৎক্ষণিকভাবে আশপাশ থেকে আরও ৫০-৬০ জনকে জড়ো করেন। এরপর প্রায় আধা ঘণ্টা ধরে সুমাইয়াকে ঘিরে রেখে কিল, ঘুষি ও লাথি মেরে চরমভাবে হেনস্তা করা হয়। কোনোমতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসেন তিনি। ওই সময় সুমাইয়ার সঙ্গে থাকা আরেক ক্ষুদ্র উদ্যোক্তা আসিফ ইমতিয়াজও কুকুরগুলোকে খাবার খাওয়াচ্ছিলেন। তিনিও হামলাকারীদের তাণ্ডবের শিকার হওয়ার উপক্রম হলে দ্রুত নিরাপদে সরে যান। পরদিন বুধবার সকালে সুমাইয়া মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন এবং খিলগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আজহারুল ইসলাম জানান, পুলিশ ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা মুখ খুলতে না চাইলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।