ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,  ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বারিধারায় গাড়িচাপা দিয়ে শ্রমিক হত্যা: ৯ লাখ টাকার বিনিময়ে আপস উসকানিমূলক অডিও বিতর্ক: সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে হোয়াইট হাউসে ৩ সংবাদমাধ্যমের নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত জাতিসংঘে সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড আবেদন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল শুধু নাবিক তৈরি নয়, গড়ে তুলতে হবে সমন্বিত সামুদ্রিক অর্থনীতি: নৌমন্ত্রী চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: মীর শাহে আলম দেশের ব্যাংকিং খাতে আসছে নতুন চার ডিজিটাল ব্যাংক

৫১তম বিশেষ বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:১৯ পিএম

স্বাস্থ্য ক্যাডারে বড় পরিসরে চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই পরীক্ষার মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগের কথা জানিয়েছে পিএসসি।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করার সুযোগ থাকবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।


পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্ত, পদোন্নতি এবং অন্যান্য প্রশাসনিক কারণে শূন্য পদের সংখ্যা পরিবর্তিত হতে পারে। এ কারণে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদের সংখ্যাই চূড়ান্ত নয় বলেও জানানো হয়েছে।


বিশেষ এই বিসিএসে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০২৬ সালের ১ সেপ্টেম্বর অনুযায়ী ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকা প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন চিকিৎসকেরা এ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।


আগ্রহী প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট অথবা পিএসসির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। সাধারণ প্রার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা। এর সঙ্গে টেলিটকের ভ্যাট ও ডেটা ভেরিফিকেশন বাবদ অতিরিক্ত ৫ টাকা দিতে হবে।


আবেদনের নির্ধারিত সময় শেষ হবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টায়। তবে ওই সময়ের মধ্যে যারা ইউজার আইডি পাবেন, তারা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি পরিশোধের সুযোগ পাবেন। ফলে শেষ সময়ের আগেই অনলাইন আবেদন সম্পন্ন করে ইউজার আইডি সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জনের প্রক্রিয়ায় থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে তাদের সব লিখিত পরীক্ষা অবশ্যই ২৫ অক্টোবরের মধ্যে শেষ হতে হবে। দেশি বা বিদেশি ডিগ্রির সমমানের সনদ এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।


সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই বিশেষ বিসিএসে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা সব শর্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে।


৫১তম বিশেষ বিসিএসে প্রার্থী বাছাই হবে মোট ৩০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ২০০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর। লিখিত পরীক্ষা নেওয়া হবে বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতে।


লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে থাকবে। মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তিতে থাকবে ১০ নম্বর করে। সংশ্লিষ্ট ক্যাডার বা পদের প্রাসঙ্গিক বিষয়ের ওপর থাকবে সর্বোচ্চ ১০০ নম্বর। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে।


পিএসসি জানিয়েছে, আগামী নভেম্বরের মধ্যেই লিখিত পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে। পরীক্ষা মূলত ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।


নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের তদবির করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বা অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারে। মিথ্যা তথ্য দেওয়া, জাল সনদ ব্যবহার কিংবা পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পিএসসি।


এ ধরনের অনিয়মের ঘটনায় প্রার্থিতা বাতিলের পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি ভবিষ্যতে সরকারি নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রেও সংশ্লিষ্ট প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর