সিরাজগঞ্জ প্রতিনিধি / : 51
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার মিরাকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মেয়ের সন্ধান না পাওয়ায় দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা মো. মোমিনুল ইসলাম। একই সঙ্গে মামলা তুলে নিতে হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগও করেছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সলঙ্গা থানা মোড়ের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মো. মোমিনুল ইসলাম। তিনি জানান, তার মেয়ে মাহিয়া আক্তার মিরা উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত ছাত্রী।
মোমিনুল ইসলাম বলেন, গত ২৩ আগস্ট সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় মিরা। পরে উনুখাঁ বাজারের পশ্চিম পাশে পৌঁছালে দবিরগঞ্জ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জাকারিয়াসহ কয়েকজন একটি হাইস গাড়িতে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে তারা জানতে পারেন।
এ ঘটনায় রামকৃষ্ণপুর ইউনিয়নের আগুরপুর গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে মো. মোমিনুল ইসলাম সলঙ্গা থানায় মামলা করেন। তার ভাষ্য অনুযায়ী, মামলার পর পুলিশ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। পরে তারা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মোমিনুল ইসলামের আরও অভিযোগ, মামলা তুলে না নেওয়ায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এক মাসের বেশি সময় ধরে মেয়ের সন্ধান না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মোমিনুল ইসলাম বলেন, মাহিয়া আক্তার মিরাকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
মেয়েকে উদ্ধারে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও কামনা করেন মো. মোমিনুল ইসলাম। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।