কুষ্টিয়ার কুমারখালীতে একটি পরিত্যক্ত ঘর থেকে কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া একটি পিস্তলসহ ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও পিস্তলের কভার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক রোববার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামের বাসিন্দা মো. মোবারক আলীর (৭০) বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। শনিবার রাত ১১টার দিকে পরিচালিত ওই অভিযানে বসতবাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী দোচালা টিনের খোলা শয়নঘরের মেঝেতে মাটির গর্ত থেকে অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।
অভিযানে একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং একটি পিস্তলের কভার পাওয়া যায়। এসআরবি জানিয়েছে, উদ্ধার হওয়া পিস্তলটি কুষ্টিয়া মডেল থানা থেকে পূর্বে লুট হওয়া আগ্নেয়াস্ত্রগুলোর একটি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।