পাইপলাইনের জরুরি মেরামত ও সংস্কার কাজের জন্য আজ রাজধানী ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় দীর্ঘ ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানানো হয়েছে। পাইপলাইন রক্ষণাবেক্ষণের এই কাজের কারণে সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি আশপাশের অঞ্চলেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শ্যামপুর হাই স্কুল রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজ আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত হবে। এই নির্ধারিত ৭ ঘণ্টা ব্যাপ্যী সময়ে শ্যামপুর শিল্প এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
মেরামত কাজ চলাকালীন শুধু শ্যামপুর শিল্প এলাকাই নয়, বরং এর আশপাশের সংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপের সমস্যা দেখা দিতে পারে। গ্রাহকদের সাময়িক এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য তিতাস গ্যাস প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পাইপলাইনের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।