টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে টঙ্গীর নতুন বাজার রেলগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১১ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর নতুন বাজার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে শুক্কুর আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার শুক্কুর আলী টঙ্গীর পূর্ব আরিচপুর নতুন বাজার রেলগেট এলাকার হান্নান মিয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের টঙ্গী পূর্ব থানা শাখার স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, শুক্কুর আলীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পুলিশ জানায়নি।