ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এক ঐতিহাসিক ও যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট সফলভাবে ‘রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি’ অর্জন করেছে। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বনির্ভর ও নিয়ন্ত্রিত পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া (চেইন রিয়েকশন) আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
আজ রোববার (১১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা ৩৪ মিনিটে রিঅ্যাক্টরটি ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছায়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের চূড়ান্ত প্রস্তুতির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মাইলফলক।
এনপিসিবিএল সূত্রে জানা গেছে, রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জনের পর সব ধরনের গুরুত্বপূর্ণ প্যারামিটার নির্ধারিত নিরাপত্তা সীমার মধ্যে রয়েছে এবং পুরো প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রিত অবস্থায় পরিচালিত হচ্ছে। পরবর্তী ধাপে অনুমোদিত নিয়ম অনুযায়ী রিঅ্যাক্টর ফিজিক্স পরীক্ষা, নিরাপত্তার কার্যকারিতা যাচাই এবং ধাপে ধাপে ক্ষমতা বাড়িয়ে জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ (গ্রিড সিনক্রোনাইজেশন) দেওয়া হবে। আগামী নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে আশা করছেন প্রকল্পসংশ্লিষ্টরা।
প্রকল্প কর্মকর্তারা জানান, দেশি-বিদেশি প্রকৌশলী ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিরলস প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। প্রযুক্তিগত এই অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি পরিমণ্ডলে এক নতুন উচ্চতায় পৌঁছাল।