প্রথম ধাপে ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানিয়ে ভবিষ্যতে বাংলাদেশের বিমানবহরকে দুই শতাধিক উড়োজাহাজে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, দেশের তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান মেধা ও ভবিষ্যতের চাহিদা মেটাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
আজ রোববার (১১ অক্টোবর ২০২৬) দুপুরে ময়মনসিংহে সিটি করপোরেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বিমানমন্ত্রী বলেন, "আমি চাই বিমান শুধু ৩৫টি নয়, আমাদের ছেলেমেয়েদের মেধা যেভাবে বিকশিত হচ্ছে, তাতে এই দেশে ২০০টিরও বেশি বিমান থাকবে।" তিনি জানান, এসব উড়োজাহাজ দেশে আসতে প্রায় ১০ বছর সময় লাগবে। ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে বিমান আসা শুরু হবে এবং ২০৩৬ থেকে ২০৩৭ সাল পর্যন্ত তা বহরে যুক্ত হবে। বর্তমানের উড়োজাহাজগুলো একসময় পুরোনো হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতের বিমান পরিবহন ব্যবস্থা সচল রাখতে এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এছাড়া কানাডা ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও চীনের মতো নতুন গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা এবং বিভিন্ন দেশে প্রয়োজনীয় স্লট নিশ্চিত করার বিষয়ে কাজ চলছে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে তিনি পর্যটনশিল্পের বিকাশে নেত্রকোণার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।