ফিলিস্তিনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হওয়া মাত্রই নির্ধারিত সময়ের আগেই একযোগে প্রসেডেন্সিয়াল ও আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিশ্চিত করেন যে, নির্বাচন অনুষ্ঠান কেবল কোনো আনুষ্ঠানিক প্রদর্শন নয়, এটি জনগণের ভোটাধিকার ও সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের এক মৌলিক মাধ্যম।
এর আগে শনিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক অধ্যাদেশের মাধ্যমে ২০২৬ সালের ২৮ নভেম্বরের আইনসভা নির্বাচন স্থগিত করে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠানের নতুন তারিখ নির্ধারণ করেন।
একই সঙ্গে তিনি পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।
জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সকল ফিলিস্তিনি রাজনৈতিক দল ও উপদলের মধ্যে সর্বাত্মক জাতীয় সংলাপের জোর তাগিদ দিয়েছেন হুসেইন আল-শেখ। উল্লেখ্য, ২০০৬ সালের পর ফিলিস্তিনে আর কোনো আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচন প্রক্রিয়ার এ দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হলেও ইসরায়েলি বাধার মুখে তা পুনর্নির্ধারণ করতে বাধ্য হয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।