ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে নতুন করে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমূজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করলেন।
যুক্তরাষ্ট্রের এই শীর্ষ নেতা দাবি করেন, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথের ওপর দেশটির বর্তমানে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বজায় রয়েছে। তার ভাষ্যমতে, তেহরান ইতোমধ্যে তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে।
অ্যারিজোনার বুলহেড সিটিতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প আরও বলেন, ইরানের প্রথম সারির শীর্ষ নেতারা আর ক্ষমতায় নেই। তাদের প্রথম সারির নেতারা সবাই চলে যাওয়ার পর তারা দ্বিতীয় সারির নেতাদের বেছে নিয়েছিল, যাদের অনেকেও আর টিকে নেই। পরবর্তীতে তৃতীয় সারির নেতাদের বেছে নেওয়া হলেও তাদের অর্ধেকও ইতিমধ্যে চলে গেছেন বলে দাবি করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানি পক্ষ থেকে তাকে আর কাউকে আক্রমণ না করার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছিল এবং তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ফলে দেশটির সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ আরও জটিল হয়ে উঠেছে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্ভবত আমি কিছুটা বেশিই করে ফেলেছি। আমি দুঃখিত, কারণ এখন আমরা ঠিক কার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, তা-ই আর বুঝতে পারছি না।’