জার্মানির বোখুম শহরের একটি আবাসিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে বোখুমের হফস্টেড এলাকার একটি ভবনে মর্মান্তিক এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পুরো ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারীরা। পরে দমকলকর্মীরা ভবনটির দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে তিনজনের নিথর মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে ২৫ ও ২৭ বছর বয়সী দুই তরুণী এবং ২৬ বছর বয়সী এক তরুণ রয়েছেন। তারা সবাই ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে।
অন্য দিকে, হঠাৎ পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন আরও অন্তত পাঁচজন বাসিন্দা। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের জাতীয়তা বা পরিচয় সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উদ্ধারকর্মীরা জানান, ভবনের সিঁড়িপথ ধরে আগুন খুব দ্রুত ওপরের তলার দিকে ছড়িয়ে পড়েছিল। অগ্নিকাণ্ড ও ধোঁয়ার তীব্রতায় ভবনটিতে প্রবেশ করা এবং ওপরের তলার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া দমকলকর্মীদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই ভবেরই ৪১ বছর বয়সী এক রোমানিয়ান নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, আগুনটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে লাগেনি। ঘটনাটি কোনো পরিকল্পিত অগ্নিসংযোগ নাকি অন্য কোনো দুর্ঘটনাবশত ঘটেছে, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।