সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি বিকৃত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার পেজ হ্যাক হওয়ার দাবি তুলে সংশ্লিষ্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে কেবল অনানুষ্ঠানিক দুঃখপ্রকাশ করা হলেও এমন স্পর্শকাতর ঘটনায় শুধুই দুঃখ প্রকাশ করে কোনোভাবেই প্রশাসনিক দায়মুক্তি পাওয়া যায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
ঘটনার সূত্র ধরে শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে যুক্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অনৈতিক চর্চা এবং সংশ্লিষ্ট গণমাধ্যমটির দায়িত্বহীনতা নিয়ে ক্ষোভ উগরে দেন এই অভিনেত্রী। তিনি উল্লেখ করেন যে, ভিডিওটি মূলত অনেক আগের তৈরি একটি ভুয়া ক্লিপ হলেও দেশীয় একটি মূলধারার শক্তিশালী টিভি চ্যানেলের প্ল্যাটফর্ম ব্যবহার করে তা নতুন করে ছড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষের মাঝে পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে।
লাইভে এসে সংশ্লিষ্ট চ্যানেলটির দায়সারা প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, তারা এত বড় ও নামীদামি একটা গণমাধ্যম প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আপত্তিকর ভিডিওটি টানা ১১ ঘণ্টা পেজে ঝুলিয়ে রাখা হলো। এত দীর্ঘ সময় পার হওয়ার পরও তারা কোনো রকম কার্যকর আইনি বা সাইবার নিরাপত্তা পদক্ষেপ নিয়ে নিজস্ব পেজ নিয়ন্ত্রণে নিতে পারল না। এমন দায়িত্বজ্ঞানহীন গাফিলতির পর তারা কোনোভাবেই সাধারণ অজুহাত দিয়ে বলতে পারেন না যে পেজ হ্যাক হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় ভুয়া ও কুরুচিপূর্ণ কনটেন্ট ছড়িয়ে পড়া এবং তা নিয়ে মেতে থাকা নেটিজেনদের একাংশের বিকৃত মানসিকতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই চিত্রনায়িকা। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, সুস্থ বোধসম্পন্ন সাধারণ মানুষ বিষয়টি ভুয়া বুঝতে পেরে এড়িয়ে চললেও কিছু নিচু মানসিকতার মানুষ এটিকে মূল আলোচনার বিষযে পরিণত করেছে। এমনকি যেকোনো স্বাভাবিক ও সাধারণ সামাজিক পোস্টের কমেন্ট বক্সে গিয়ে এ ধরনের বিকৃত ভিডিওর লিংক খোঁজা এবং ছড়ানোর নোংরা মানসিকতা তাকে চরম হতাশ করেছে।
সামাজিক মাধ্যমে কটূক্তিকারীদের উদ্দেশে খোঁচা দিয়ে পরিমনি আরও বলেন, সাইবার জগতের লোকজন যখন এই ভুয়া ভিডিওটি নিয়ে এতটা উন্মাদনায় মেতে উঠেছিল, তখন একপর্যায়ে তার মনে হচ্ছিল তিনি নিজেই একটি খোলামেলা ফটোশুট করে ফেলেন। দীর্ঘক্ষণ পরিচালিত এই লাইভ সেশন শেষ করার পর পরীমনি অবশ্য ভিডিওটি নিজের ফেসবুক পেজ থেকে সরিয়ে নেন। পরবর্তীতে শনিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় এক সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে লাইভ মুছে ফেলার সংকেত দিয়ে তিনি লেখেন, ভিডিওটি তিনি মুছে দিয়েছেন।
উল্লেখ্য, ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার মাঝে পরীমনি সম্প্রতি খ্যাতিমান নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’-এর শুটিংয়ের কাজ সফলভাবে সম্পন্ন করেছেন। এই বিশেষ চলচ্চিত্রে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।