নোয়াখালীর
বেগমগঞ্জ উপজেলায় মিজানুর রহমান মিজান (৩২) নামে এক স্থানীয় ব্যবসায়ীকে
নিজ দোকান থেকে বাইরে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি ছুড়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে বেগমগঞ্জের আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটে ভুক্তভোগীর নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ঠিক সামনেই এই রক্তক্ষয়ী হামলার
ঘটনা ঘটে।
হামলায়
গুরুত্বর গুলিবিদ্ধ মিজানুর রহমান ১ নম্বর আমানউল্যাপুর
ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের
পূর্ব জয়নারায়ণপুর গ্রামের বাসিন্দা আহাম্মদ উল্যার ছেলে।
ঘটনার
আকস্মিকতায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তাৎক্ষণিকভাবে
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক
অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে সরাসরি নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে সেখানেও পরিস্থিতির আরও অবনতি দেখা দিলে চিকিৎসকদের পরামর্শে তাকে জরুরি ভিত্তিতে রাজধানী ঢাকায় পাঠানো হয়। প্রকাশ্যে এমন গুলিবর্ষণের ঘটনার পর থেকে পুরো
আমানউল্যাপুর ইউনিয়ন এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি
বিরাজ করছে।
ঘটনার
সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানিয়েছেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি বিশেষ দল পাঠানো হয়েছে।
সম্পূর্ণ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।