উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 62
প্রশাসনিক শিষ্টাচার ও প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বদলির আনুষ্ঠানিক আদেশ জারির পরপরই মঙ্গলবার (২০ অক্টোবর) তড়িঘড়ি করে রাজশাহী ত্যাগ করেছেন তিনি। প্রশাসনের উচ্চপর্যায়ে হঠাৎ এই কঠোর পদক্ষেপে মাঠ প্রশাসনে চরম তোলপাড় সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ তাৎক্ষণিক বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশের পরপরই তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয় ত্যাগ করেন। পরবর্তীতে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা এড়াতে বিভাগীয় কমিশনারের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।
হঠাৎ এই স্ট্যান্ড রিলিজের নেপথ্যে একটি প্রশাসনিক প্রটোল ভঙ্গের ঘটনা জড়িত রয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিশেষ ফ্লাইট। দিনভর নির্ধারিত জনসভা ও বিভিন্ন দলীয় কর্মসূচি শেষে রাত ৭টায় একই বিমানে তিনি ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী নির্ধারিত প্রশাসনিক প্রটোকল ভঙ্গ করেন। তিনি হাত মেলানোর সময় প্রধানমন্ত্রীর দিকে অতিরিক্ত ঝুঁকে কিছুটা এগিয়ে আসেন, যা সরকারি শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।
বিমানবন্দরে দায়িত্ব পালনকালে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার এমন প্রটোকলবিরোধী আচরণের বিষয়টি নজরে আসার পরই দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। ওই রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে স্ট্যান্ড রিলিজ করে ঢাকায় সংযুক্ত করার প্রজ্ঞাপন জারি করা হয় এবং আদেশ পাওয়ার সাথে সাথেই তিনি রাজশাহীর কর্মস্থল ত্যাগ করেন।