কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসলে নেমে ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) কক্সবাজারের হিমছড়িতে মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্যটকদের একটি দল মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসলে নামে। এ সময় সাগরের ঢেউ ও তীব্র স্রোতে তারা ভেসে যান।
ঘটনার পর স্থানীয় লোকজন একজন পর্যটককে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো দুজনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এ ঘটনায় সৈকত এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।