সিরাজগঞ্জ প্রতিনিধি / : 60
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চায়না বেগম (৭৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর সঙ্গে থাকা মদিনা বেগম (৪৮) নামে অপর এক নারী পালিয়ে যান। উদ্ধার করা ইয়াবার ওজন ১৮ গ্রাম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ সদর থানার কালিয়া কান্দাপাড়া মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. নিজাম উদ্দিন খানের নেতৃত্বে একটি দল কালিয়া কান্দাপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় অভিযুক্তদের বসতবাড়ির উত্তর পাশে একটি কাঁচা রাস্তা থেকে চায়না বেগমকে আটক করা হয়।
পরে তাঁর ডান হাতে থাকা জিপারযুক্ত একটি পলিপ্যাকেট তল্লাশি করা হয়। সেখান থেকে ১৮ গ্রাম ওজনের ১৯৫ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন অভিযান পরিচালনাকারীরা। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার করা মাদক জব্দ করা হয়। গ্রেপ্তার চায়না বেগম সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া মধ্যপাড়া গ্রামের মৃত রাজ্জাক ও মৃত রহিমার মেয়ে। তাঁর বয়স ৭৫ বছর।
অভিযানের সময় তাঁর সঙ্গে থাকা মদিনা বেগম কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মদিনা বেগম গ্রেপ্তার চায়না বেগমের মেয়ে এবং মো. হাবিবুর রহমানের স্ত্রী। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম জানান, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।