ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

ইতিহাস মোছা যায় না, রাজপথের জনসমর্থনই বিএনপির শক্তি: প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ৩:৪১ পিএম

দেশের জনগণ আর কোনো অপশাসন নয়, বরং আইনের শাসন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার দেখতে চায়। সেই আকাঙ্ক্ষার অংশ হিসেবেই শেখ হাসিনার দেশে ফেরা ও বিচারের মুখোমুখি হওয়া এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। ইতিহাস কখনো আড়াল করা যায় না উল্লেখ করে তিনি বলেন, জনগণ রাজপথে এসে প্রমাণ করেছে কারা হৃদয়ে স্থান পায় আর কাদের পালাতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের ইতিহাস কেউ কোনো দিন মুছে দিতে পারবে না।


শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুর ১টায় বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মীর শাহে আলম বলেন, মাঝেমধ্যেই নানা হুমকি দেওয়া হয় যে তিনি দেশে ফিরে আসবেন। দেশের আপামর জনগণও চায় তিনি ফিরে আসুন, কারণ তাঁর অপশাসনের বিচার দেখতে মুখিয়ে আছে পুরো বাংলাদেশ। কিন্তু বাস্তবে আর তাঁর ফিরে আসা সম্ভব হয় না। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফেরার কথা বলেন, তখন কোটি কোটি জনতা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে সমবেত হন। আর শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়। এই বাস্তবতাই বলে দেয় কার পেছনে গণসমর্থন রয়েছে আর কারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত।


প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত বিএনপি যুগের পর যুগ ধরে মানুষের আস্থা ও ভালোবাসা বজায় রেখেছে। দলের নেতাকর্মীরা যেকোনো সংকটে গর্ব করে বলতে পারেন তারা এক মহান আদর্শিক রাজনীতির অংশীদার। জনগণের এই ভালোবাসা ও প্রতিশ্রুতির ভিত্তিই বিএনপির পথচলার সবচেয়ে বড় শক্তি। বিএনপি বেহেশতের গ্যারান্টি দেয় না, তবে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন, সুরক্ষা ও অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়।


জামায়াতে ইসলামীর রাজনীতির সমালোচনা করে মীর শাহে আলম বলেন, তারা ইসলাম নিয়ে বড় বড় কথা বললেও ধর্মীয় ব্যক্তিত্ব যেমন—ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণে বা তাদের আর্থিক নিরাপত্তায় কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের জন্য স্থায়ী মাসিক সম্মানীর সুব্যবস্থা নিশ্চিত করেছেন। ফলে বিএনপির উন্নয়ন ও জনকল্যাণমুখী ভাবনায় অনুপ্রাণিত হয়ে অতীতে যারা ভুল বুঝে জামায়াতকে ভোট দিয়েছিলেন, তাঁদের আজ বিএনপির পতাকাতলে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি।


উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী জানান, প্রতিটি পরিবারের জন্য 'ফ্যামিলি কার্ড' এবং কৃষকদের জন্য 'কৃষক কার্ড' পৌঁছে দিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই সরকারের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, যা বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের একটি অন্যতম অঙ্গীকার ছিল। এলাকার দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে নতুন অবকাঠামোগত সব কাজ পর পর সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি।


বক্তব্যের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় উপস্থিত সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।


সুধী সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বগুড়া জজ আদালতের জিপি শফিকুল ইসলাম টুকু, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ জেলা ও উপজেলার শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা।


এ সম্পর্কিত আরো খবর