নেত্রকোনার কেন্দুয়ায় প্রেমের সম্পর্কের টান ধরে দেখা করতে এসে এক তরুণী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার ভোরে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুবাইল গ্রামের ওই তরুণীর সঙ্গে কেন্দুয়ার কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার রাতে তিনি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন। অভিযোগ উঠেছে, এর পর তাকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে বিল্লাল ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। খবর পেয়ে কেন্দুয়া থানা-পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত তিনজনকে আটক করতে সক্ষম হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী ওই তরুণীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে। এ জঘন্য অপরাধের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।