ইসরায়েলের সামরিক বাহিনী, মূল অর্থনীতি এবং সামগ্রিক রাষ্ট্রীয় কাঠামোগুলো এক অভূতপূর্ব ‘অপূরণীয় বিপর্যয়ের’ মুখোমুখি দাঁড়িয়েছে বলে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইতজাক ব্রিক। তিনি স্পষ্ট ভাষায় জানান, আন্তর্জাতিক বৈধতা এবং প্রধান কৌশলগত মিত্রদের হারিয়ে ইসরায়েল আজ বিশ্বমঞ্চে সম্পূর্ণ একঘরে ও একা হয়ে পড়েছে। বর্তমান প্রেক্ষাপটে দেশটি দীর্ঘদিন টিকে থাকা অত্যন্ত কঠিন বলে মত প্রকাশ করেন তিনি।
ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘মারিভ’-এ প্রকাশিত এক বিস্ফোরক মতামত কলামে সামরিক বিশেষজ্ঞ ব্রিক দেশের বিদ্যমান অবস্থাকে ‘ভয়াবহ ধস’ হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফলকে ইঙ্গিত করে তিনি বলেন, এটি আমাদের এতদিন চেনা ইসরায়েল রাষ্ট্রের জন্য এক প্রকারের আনুষ্ঠানিক মৃত্যুসনদ। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রচারশৈলী ও ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, গণমাধ্যমের একপেশে কাভারেজ ঠিক যেন ডুবন্ত টাইটানিক জাহাজে বাজতে থাকা শেষ অর্কেস্ট্রা সংগীতের সঙ্গেই তুলনা করার মতো।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কলেজসমূহের সাবেক অধিনায়ক ব্রিক জোর দিয়ে বলেন, বহুমুখী বৈশ্বিক বিচ্ছিন্নতায় একটি রাষ্ট্র বেশি দিন টিকে থাকতে পারে না। ইসরায়েলি পদাতিক বাহিনীর অভ্যন্তরীণ দুর্বলতা ও সেনা সদস্যদের ভাঙা মনবলের কথা উল্লেখ করে তিনি বলেন, অভ্যন্তরীণ ও দেশের বাইরের চারপাশ থেকে আসা বহুমুখী হামলা প্রতিহত করার মতো সামরিক সক্ষমতা এখন আর তাদের নেই। টানা যুদ্ধে ক্লান্ত ও পরিশ্রান্ত একটি সেনাবাহিনীর পক্ষে দীর্ঘমেয়াদে নাগরিকদের সুরক্ষা দেওয়া কিংবা বড় আকারের অনুপ্রবেশ ঠেকানো একপ্রকার অসম্ভব।
সামরিক সংকটের পাশাপাশি দেশটির অর্থনৈতিক পতন নিয়েও মারাত্মক তথ্য তুলে ধরেন এই জ্যেষ্ঠ সাবেক সামরিক কর্মকর্তা। তিনি জানান, টানা যুদ্ধের খরচে দেশটির জাতীয় ঋণ ১ দশমিক ৪ ট্রিলিয়ন শেকেলে (প্রায় ৪৪৫ বিলিয়ন মার্কিন ডলার) গিয়ে ঠেকেছে। এর সাথে বিভিন্ন দেশ কর্তৃক আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অস্ত্র সরবরাহে আন্তর্জাতিক বিধিনিষেধ এবং আর্থিক বিচ্ছিন্নতা ইসরায়েলের অস্তিত্বকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। (সূত্র: আনাদোলু)