সারাদেশে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর বিস্তার অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে সারাদেশে নতুন করে আরও ৬ জনের করুণ মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন ও প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো ৬ জনের মধ্যে কেবল ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাকি একজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে। অন্যদিকে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি অর্থাৎ ৯৪৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক আক্রান্তের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত একদিনে খুলনা বিভাগে ২৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে ২৪ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুটি সিটি করপোরেশন এলাকা সমন্বয়ে শুধু ঢাকা বিভাগেই সর্বোচ্চ ২০৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও এই সময়ে খুলনা বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।