নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলায় পাখি শিকারে নিষেধ করায় মো. শহিদুল ইসলাম (৩৮) নামের এক নিরীহ মাছ ব্যবসায়ীকে এয়ারগান দিয়ে গুলি করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সজীব হোসেন (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার বিয়াশ গ্রামের খড়পাড়া এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
আহত শহিদুল ইসলাম বিয়াশ গ্রামের জসমত আলীর ছেলে এবং পেশায় একজন স্থানীয় মাছ ব্যবসায়ী। আর অভিযুক্ত সজীব হোসেন একই গ্রামের ছায়িম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অভিযুক্ত সজীব হোসেন এয়ারগান হাতে নিয়ে বিভিন্ন এলাকায় পাখি শিকার করছিলেন। তিনি স্থানীয় একটি পুকুর থেকে কয়েকটি পানকৌড়ি শিকার করার পর অন্য একটি পুকুরে ফের পাখি মারতে যান। এ সময় মাছ ব্যবসায়ী শহিদুল ইসলাম তাকে পাখি শিকারে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সজীব তার হাতে থাকা এয়ারগান দিয়ে শহিদুল ইসলামের ডান পেটে সরাসরি গুলি করেন। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে লুটিয়ে পড়েন।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে নাটোর শহরের মাদরাসা মোড়ের জনসেবা হাসপাতালে নিয়ে যান। সেখানে এক্স-রেসহ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে স্বজনরা তাকে রামেকে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর তারা শুনেছেন তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলেই দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।