সাতক্ষীরা প্রতিনিধি:
অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী এক সেমিনারে বক্তারা বলেন,পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি।
খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান আজ দেশ-বিদেশের নানা বিশ্ববিদ্যালয় এবং বিদগ্ধ সুধীসমাজে গভীরভাবে চর্চিত ও স্বীকৃত। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় যার জন্ম ও কর্মসাধনার পুণ্যস্মৃতিতে ধন্য দেশের সর্বদক্ষিণের এই জেলা সাতক্ষীরার মাটি। সেই সাতক্ষীরার সাধারণ মানুষ ও নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান অনেকটাই অজানা ও অনালোচিত। আধ্যাত্মিক আবরণে তাঁকে দেখতে অভ্যস্ত বলে হয়তো তাঁর সামাজিক অবদান সম্পর্কে মানুষ যথার্থভাবে অবহিত নয়।
শনিবার(১৪ নভেম্বর) সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট।
সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, 'হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন একাধারে অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, দূরদর্শী শিক্ষানুরাগী এবং মানবতাবোধে উদ্বুদ্ধ এক মহান ব্যক্তিত্ব। তৎকালীন অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষাদীক্ষা ও সামাজিক মর্যাদার উন্নয়নে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। শিক্ষা বিভাগে কর্মরত থাকাকালীন পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম লেখার পরিবর্তে রোল নম্বর প্রথার প্রবর্তনসহ অসংখ্য যুগান্তকারী সংস্কার তাঁরই হাত ধরে এসেছে।'
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম।
কেন্দীয় খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন।
মূল প্রবন্ধে ড. মো. একরাম হোসেন উল্লেখ করেন, 'হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) শিক্ষা, সাহিত্য, সমাজ সংস্কার ও আধ্যাত্মিক সাধনায় এক কালজয়ী মহাপুরুষ। তাঁর বহুমুখী বুদ্ধিদীপ্ত কৃতি ও কর্মের সুফল অবিভক্ত বঙ্গবাসী শতাব্দীকাল ধরে ভোগ করে এসেছে—যার ধারাবাহিকতা আজও আধুনিক সমাজ ও শিক্ষাব্যবস্থায় ব্যাপকভাবে দৃশ্যমান। আজ আমরা যে আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা, নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি ও সম্প্রীতিমূলক সমাজব্যবস্থার কথা বলি—বঙ্গীয় মুসলমান সমাজে এসব প্রত্যয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি।'
মূল প্রবন্ধের ওপর নির্ধারিত আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহসম্পাদক ইকবাল মাসুদ এবং খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এ এফ এম এনামুল হক। এ ছাড়া আরও আলোচনায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম প্রমুখ।
সেমিনারে অতিথিবৃন্দ ও বক্তারা খানবাহাদুর আহ্ছানউল্লার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরায় তাঁর নামে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা বা শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সেক্ষেত্রে নতুন প্রস্তাবিত সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করার প্রস্তাব করা হয়।