ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,  ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ ও মানবিক নাগরিক হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ২২ নভেম্বরের মধ্যে হজের বর্ধিত কোটায় নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ নতুন উপজেলা ও থানা অনুমোদন হওয়ায় মোকামতলায় আনন্দের জোয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ তুরামণির দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ, ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা গুনীজন সম্মাননা পদক ২০২৬-এ ভূষিত কবীরুল ইসলাম রতন শুভ জন্মদিন রুনা লায়লা, পাচ্ছেন আজীবন সম্মাননা প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে এসে বিয়ে করলেন চীনা যুবক হাবিপ্রবির আয়োজনে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হামের উপসর্গ নিয়ে একদিনে চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৮২

টঙ্গীতে ফুটপাত হকারদের দখলে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ


  • আপলোড সময় : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬ সময় : ৬:০৫ পিএম

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে ফুটপাতজুড়ে হকারদের অবৈধ দোকানপাট। সড়কের দুই পাশের ফুটপাত দখল করে পসরা সাজিয়ে বসেছেন অসংখ্য হকার। এতে ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ হারিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও পথচারীদের। পাশাপাশি সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।


রবিবার (১৫ নভেম্বর) বিকেলে সরেজমিনে টঙ্গীর গাজীপুরা, ভিয়েলা টেক্স গার্মেন্টসের সামনের সড়ক, খরতৈল, শরীফ মার্কেট, সাতাইশ পুকুরপাড় ও সাতাইশ চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশের ফুটপাত দখল করে বসানো হয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট। কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের একাংশেও বসেছে হকারদের দোকান। ফলে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। একই চিত্র দেখা গেছে টঙ্গীর খাঁ-পাড়াসহ বিভিন্ন সড়কেও।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হলেও কার্যকরভাবে তা বন্ধ করা যাচ্ছে না। খোঁজ নিয়ে স্থানীয় এক বিএনপি নেতার সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় এক ব্যক্তি নিয়মিত ফুটপাতের দোকানিদের কাছ থেকে টাকা উত্তোলন করেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।


এ বিষয়ে আসলাম নামে এক পোশাকশ্রমিক বলেন, ফুটপাতজুড়ে দোকান বসানোর কারণে হেঁটে চলাচল করা যায় না। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হয়। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ফুটপাত থেকে অবৈধ দোকানপাট সরিয়ে পথচারীদের চলাচলের ব্যবস্থা করতে হবে।


টঙ্গীর ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাত্তার মিয়া বলেন, এ বিষয়ে আমি অবগত নই। কেউ যদি দলের নাম ভাঙিয়ে ফুটপাত থেকে চাঁদাবাজি করে, তার প্রমাণ পাওয়া গেলে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।


টঙ্গীর ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির বলেন, আমরা অবৈধভাবে ফুটপাত দখলের পক্ষে নই। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নেয়, তার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হবে।


এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, এর আগেও আমরা কয়েকবার অভিযান চালিয়ে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছি এবং কয়েকজনকে গ্রেপ্তার করেছি। কিন্তু অভিযান শেষে তারা আবারও ফুটপাতে দোকান নিয়ে বসেন। প্রশাসনের কেউ এ কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত দখলমুক্ত করতে আবারও অভিযান চালানো হবে।


স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দাবি, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর উচ্ছেদ অভিযান পরিচালনা করে টঙ্গীর সব ফুটপাত দখলমুক্ত করা হোক। একই সঙ্গে ফুটপাত দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।


এ সম্পর্কিত আরো খবর