ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,  ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান নরেন্দ্র মোদিকে ‘মহান নেতা’ ও ঘনিষ্ঠ বন্ধু বললেন ট্রাম্প ড্রেজিংয়ে ১,৫৮০ কোটি টাকা বরাদ্দের সুফল পাচ্ছেন নৌপথ-ফেরিরুটের যাত্রীরা নিষিদ্ধ দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত এসপি জাহাংগীর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড প্রোটিয়াদের দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত কামব্যাক টাইগারদের ব্রাজিলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক ভিনির, সময় নিলেন মাত্র ২০ মিনিট সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিশেষ বিধিনিষেধ জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের জোরালো প্রস্তাব

গোপালগঞ্জে অস্ত্র হাতে দেখা যাওয়াদের গ্রেফতার করা হবে: উপদেষ্টা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬ সময় : ৩:৩৮ পিএম

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, ছবি ও ভিডিও ফুটেজে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত বলপ্রয়োগ পরিহার করে আনুপাতিক ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়েও সরকারের অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। তারা অবশ্যই বিচারের মুখোমুখি হবেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের ঘটনা নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও বিষয়টি নিয়ে কথা বলেছেন। সরকার বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন সম্পূর্ণ বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই সরকার বরদাশত করবে না।

তিনি আরও বলেন, যাদের ছবি ইতিমধ্যে প্রকাশ্যে দেখা গেছে, আপনারা জানেন গতকাল থেকেই সেখানে যৌথবাহিনী মোতায়েন আছে। অভিযুক্তরা অবশ্যই গ্রেফতার হবে এবং নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, পুলিশ আইন অনুযায়ী বলপ্রয়োগ করতে পারে, পুলিশের সেই অধিকার রয়েছে। কিন্তু বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে নানা সমালোচনা হয়েছে। বর্তমান সরকার সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।

ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, যতটুকু প্রয়োজন, তার চেয়ে বেশি বলপ্রয়োগ করা যাবে না। পুলিশ যেন প্রয়োজন অনুযায়ী আনুপাতিকভাবে বলপ্রয়োগ করে তাদের দায়িত্ব পালন করে, সরকার সেটিই প্রত্যাশা করে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যারা এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা মূলত নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন। কারণ, এসব কর্মকাণ্ড সুস্পষ্ট ফৌজদারি অপরাধ এবং এর দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।


এ সম্পর্কিত আরো খবর