ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,  ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণায় ব্যর্থতা চ্যালেঞ্জ করে রিট আইপিএলের নিলাম তালিকায় ১১ বাংলাদেশি, নেই সাকিব-মুস্তাফিজ শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা: ভারত আগরতলায় আওয়ামী লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ বাংলাদেশ, বিশ্বে ১৯২তম বাংলাদেশসহ ১৬ দেশ ও জোটের ওপর নতুন শুল্ক দিতে পারেন ট্রাম্প দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ, ইউপি সংলাপে ৫৫ দল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ১ ও আহত ৪ শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: সালাহউদ্দিন আহমদ

আগরতলায় আওয়ামী লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান


  • আপলোড সময় : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ সময় : ৮:১৯ পিএম

পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের পর এবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার গুঞ্জন ও সীমান্তকেন্দ্রিক তৎপরতার খবরে দেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। আওয়ামী লীগ নেতাদের আগরতলা সফরের প্রতিবাদে এবং সম্ভাব্য অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে আখাউড়া স্থলবন্দর ও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে।


স্থানীয় ও দলীয় বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, আগরতলায় পৌঁছানো এই প্রতিনিধি দলটিতে জাহাঙ্গীর কবির নানক ছাড়াও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও ৭ থেকে ৮ জন শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন। বুধবার বিকেলেই তাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।


রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব স্থলবন্দর বা সীমান্ত পথ ব্যবহার করে দেশে ফেরার চেষ্টা করতে পারেন, আগরতলা-আখাউড়া স্থলবন্দর তার মধ্যে অন্যতম। ফলে এই প্রতিনিধি দলের আগরতলা সফর এবং স্থলবন্দর এলাকা পরিদর্শনের কর্মসূচিকে ঘিরে সীমান্তের এপারে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।


এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের আগরতলা স্থলবন্দরে আসার খবর ছড়িয়ে পড়ার পরপরই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে বুধবার বিকেল ৪টায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দর অভিমুখে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নেন। এর অংশ হিসেবে ইতোমধ্যেই বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী স্থলবন্দর এলাকায় জড়ো হয়ে সতর্ক অবস্থান নিয়েছেন।


সীমান্ত এলাকায় দলের নেতাকর্মীদের অবস্থান ও সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ফ্যাসিস্ট সরকার ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতে পালিয়ে গিয়েছে। আমরা ইতোমধ্যে গোপন সূত্রে খবর পেয়েছি যে ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে এবং যেকোনো একটি প্রবেশপথ দিয়ে দেশে নাশকতা চালানোর উদ্দেশ্যে তারা জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রবেশ করার চেষ্টা করছে।


তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী আমাদের নেতাকর্মীরা সীমান্ত এলাকায় সজাগ দৃষ্টি রেখে অবস্থান করছেন, যাতে অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে না পারে এবং কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে।


সব মিলিয়ে, ওপারে আগরতলায় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি এবং এপারে আখাউড়া স্থলবন্দরে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুরো সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


এ সম্পর্কিত আরো খবর