মোঃ সাজ্জাদ হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আসন্ন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবস দুটি সুষ্ঠু ও সফলভাবে পালনের জন্য দিনব্যাপী নানা কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল হুদা। দিবস দুটি পালনের সার্বিক প্রস্তুতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে সভার শুরুতেই বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে প্রতিটি কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান এবং প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন। এ ছাড়া যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম ও প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান সভায় অংশ নেন।
শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নজির হোসেন মোল্লা এবং রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা জালাল উদ্দিন প্রামাণিক এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম সফিসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
অন্যদিকে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে উপজেলা কোর্ট চত্বর মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এরপর সকাল ১০টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হবে। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার বিতরণ, বিকেল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিন দিনব্যাপী বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। সুশৃঙ্খল পরিবেশে সব আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।