ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিনে মিছিল-সমাবেশ করেন বিএনপি নেতা মো. শাহজাহান। এর কয়েক ঘণ্টা পরেই গভীর রাতে তাঁর বাড়িতে পুলিশের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি এলাকায় স্থানীয় বিএনপি নেতা শাহজাহানের বাড়িতে এ ঘটনা ঘটে। দক্ষিণ গফরগাঁও থানার (সাবেক পাগলা থানা) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ করেছেন ওই বিএনপি নেতা। শাহজাহান টাঙ্গাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও বর্তমান বিএনপি নেতা।
পুলিশের বাড়িতে প্রবেশ ও কথোপকথনের দৃশ্য ভিডিও করেন বাড়ির সদস্য সুমাইয়া আক্তার। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাঁকে পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে কেন আসলেন? গেট ভাঙলেন কেন? আপনারা কার কথায় আসলেন? জবাব দিয়ে যান।’
এ সময় এক পুলিশ সদস্য তাঁকে থানায় গিয়ে বিষয়টি জানতে বলেন। জবাবে ওই নারী বলেন, ‘থানায় কেন যাব? আপনারা যেহেতু এসেছেন, তাহলে কথা বলে যান। ওয়ারেন্ট কোথায়?’
শাহজাহান বলেন, সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে পুলেরঘাট বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার বিকালে মিছিল-সমাবেশ করেন তাঁরা। পাগলা থানা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার নির্দেশনায় আয়োজিত ওই কর্মসূচিতে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী অংশ নেয়।
তাঁর অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বসতঘরে ভাঙচুর চালায়।
এ বিএনপি নেতার দাবী কোন প্রভাবশালীর নির্দেশে পুলিশ এসব ঘটনা ঘটিয়েছে। তিনি আরও দাবী করে বলেন রাত একটার দিকে ইউনিয়নের পুলেরঘাট বাজারে অবস্থিত বিএনপি অফিসে অগ্নিসংযোগ করে আওয়ামী সন্ত্রাসীরা। অথচ সেখানে পুলিশ না পাঠিয়ে গিয়ে রাত দুইটার কাছাকাছি সময়ে আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছি। অথচ গফরগাঁওয়ের গত তিন মাসে আওয়ামীলীগ অন্তত অর্ধৃশতাধিক মিছিল করে গফরগাঁওয়ে।
এদিকে বিএনপি নেতার বাড়িতে পুলিশের প্রবেশ ও ভাঙচুরের অভিযোগসংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দক্ষিণ গফরগাঁও থানার ওসি আমিনুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
আকাশজমিন / আরআর