ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,  ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ১ ও আহত ৪ শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: সালাহউদ্দিন আহমদ পুলিশ প্রশাসনে রদবদল: সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ১০ ঘণ্টার বৈঠকে চূড়ান্ত পোশাকশ্রমিকদের বেতন, কোন গ্রেডে কত বাড়ল? দিনে মিছিলের পর রাতে বিএনপি নেতার বাড়িতে পুলিশের তাণ্ডব গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, ফাঁস আন-ক্লাসিফায়েড তথ্য

শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: সালাহউদ্দিন আহমদ


  • আপলোড সময় : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ সময় : ৬:১০ পিএম

সরকারি চাকরিতে বহাল থেকেও যেসব পুলিশ কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তাঁদের প্রত্যেকেই সরকারের কঠোর নজরদারিতে আছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও কথিত কর্মসূচি নিয়ে সরকার বিন্দুমাত্র চাপে নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।


বাহিনীর ভেতরে থাকা ষড়যন্ত্রকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ কর্মকর্তা বা অন্যান্য বাহিনীতেও এমন কিছু সদস্য থাকতে পারেন, যাঁরা চলমান ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। সরকারি চাকরিতে থেকে কোনো রকম রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া জনসেবায় নিয়োজিত থাকার জন্য তাঁদের আগেই সতর্ক করা হয়েছিল। এরপরও চরিত্রগত কারণে যাঁরা ষড়যন্ত্রে জড়াচ্ছেন, তাঁরা সরকারের কঠোর নজরদারিতে আছেন এবং যে যেখানে চিহ্নিত হবেন, তাঁর বিরুদ্ধে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।


আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে আছেন এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে।


শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতার বিষয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিয়মিত কার্যক্রম চালাবে। ‘আসিব আসিব’ বলে কতদিন পার হবে—একবার নভেম্বর, একবার ডিসেম্বর, আবার ১৬ তারিখের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো মনোযোগ নেই, তবে বাহিনী সবসময় সতর্ক আছে।


সরকার কোনো চাপ অনুভব করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কিসের চাপ?’ চলমান শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, প্রকৃত শ্রমিকেরা এর সঙ্গে জড়িত নন। মালিক ও শ্রমিকপক্ষের গণতান্ত্রিক আলোচনার ভিত্তিতে নিম্নতম মজুরি বোর্ড নতুন মজুরি ঘোষণা করেছে।


পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর রাজনৈতিক দল হিসেবে তাদের আর কোনো স্বীকৃতি নেই। জার্মানির নাৎসি বাহিনীর মতো ইতিহাসের এসব গণহত্যাকারী ও ফ্যাসিস্ট গোষ্ঠী আর কখনোই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশে চিঠি দেওয়া হয়েছে এবং তারা বিষয়টি আইনানুগভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।


সীমান্তের ওপারে পলাতক নেতাদের তৎপরতা প্রসঙ্গে তিনি জানান, পূর্ব ও পশ্চিম সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে কয়েকজন পলাতক নেতা দেশে লুকিয়ে থাকা কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো নির্দেশনা দিচ্ছেন। তবে এ দেশের মানুষ তাঁদের কোনো অপতৎপরতা চালাতে দেবে না। বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনকে রুটিন কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে কোনো প্রাণহানি ছাড়াই তাঁদের অপচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা বা জ্বালাও-পোড়াও করলে অত্যন্ত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধিত ধারা অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল ও সংগঠনকেও বিচারের আওতায় আনার সুযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং অভিযোগপত্র দাখিল ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।


এ সম্পর্কিত আরো খবর