দেশের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং গ্রামীণ জনপদের জীবনযাত্রা সহজতর করার লক্ষ্যে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই বিপুল অঙ্কের প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত এসব প্রকল্পের মধ্যে রয়েছে ৫টি নতুন প্রকল্প, ৪টি সংশোধিত প্রকল্প এবং ১টি মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
একনেক সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকার মধ্যে সরকারি তহবিল বা নিজস্ব অর্থায়ন থেকে আসবে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা। এ ছাড়া বৈদেশিক বা প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে যোগান দেওয়া হবে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা। উন্নয়ন বাজেটের এই বড় বরাদ্দ দেশের আঞ্চলিক ভারসাম্য ও অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি বড় প্রকল্প অনুমোদন লাভ করেছে। এর একটি হলো আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন (২য় সংশোধন) প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে বিভাগীয় পর্যায়ে জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসাসেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছাবে। মন্ত্রণালয়ের অনুমোদিত অপর প্রকল্পটি হলো যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও আনুষঙ্গিক ভবন নির্মাণসহ জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য় সংশোধন) প্রকল্প।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও সভায় অনুমোদন দেওয়া হয়েছে। ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পটির চতুর্থবারের মতো মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে স্থানীয় জনগোষ্ঠী নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পেতে পারে।
গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামো খাতে গতি আনতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (পিডিআরআইডিপি) প্রকল্প, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রস্তাবিত ২য় সংশোধন)। গ্রামীণ সড়ক ও অবকাঠামো শক্তিশালী হলে কৃষিপণ্য পরিবহন ও গ্রামীণ অর্থনীতি আরও চাঙা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত) (প্রস্তাবিত ৪র্থ সংশোধন) প্রকল্প অনুমোদন পেয়েছে। বর্ষা মৌসুমে বা দুর্যোগের সময় গ্রামীণ সড়কগুলো সচল ও টেকসই রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে একটি হলো পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন প্রকল্প। অন্যটি হলো চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরইবির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ ও লোড ব্যবস্থাপনা সহজ হবে।
এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নম্বর ৬৪/২এ এবং ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার কৃষিজমি ও জনপদকে জলোচ্ছ্বাস ও জলাবদ্ধতা থেকে রক্ষা করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একনেক সভায় পরিকল্পনামন্ত্রীর ক্ষমতাবলে ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত সাতটি প্রকল্প সম্পর্কেও সভাকে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন (২য় সংশোধনী) প্রকল্প, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ), কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প, ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প, বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন প্রকল্প, ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশ শক্তিশালীকরণ প্রকল্প এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।
গুরুত্বপূর্ণ এই একনেক সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।