ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,  ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ১ ও আহত ৪ শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: সালাহউদ্দিন আহমদ পুলিশ প্রশাসনে রদবদল: সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ১০ ঘণ্টার বৈঠকে চূড়ান্ত পোশাকশ্রমিকদের বেতন, কোন গ্রেডে কত বাড়ল? দিনে মিছিলের পর রাতে বিএনপি নেতার বাড়িতে পুলিশের তাণ্ডব গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, ফাঁস আন-ক্লাসিফায়েড তথ্য

অভিযুক্ত কাউকে ফুল ছিটিয়ে ফেরানোর স্বপ্ন বোকার স্বর্গ: ইয়াসের খান চৌধুরী


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ সময় : ৮:২৬ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চলমান আলোচনার মধ্যেই সরকারের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে আন্তর্জাতিক প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে; কোনোভাবেই লাল গালিচা সংবর্ধনায় নয়। গণহত্যায় অভিযুক্ত কাউকে ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যাঁরা দেখছেন, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন বলেও মন্তব্য করেন তিনি।


মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা যথাযথ প্রক্রিয়ায় কার্যকর করা হবে। বাংলাদেশের প্রচলিত আইনকে সবার শ্রদ্ধা করতে হবে এবং একইভাবে সব দেশের আইনকে সংশ্লিষ্ট দেশগুলোরও শ্রদ্ধা করা উচিত বলে তিনি উল্লেখ করেন।


সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের আর্থিক অসচ্ছলতা ও অসুস্থতাসহ বিভিন্ন সংকটে নিয়মিত সহায়তা দেওয়া হয়। এই খাতে সরকারি অনুদানের পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে।


সরকারের জনকল্যাণমূলক নানা কর্মসূচির কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমানের টেকসই উন্নয়ন ঘটানো।


রাজধানী ঢাকার যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগে যেখানে ঢাকায় যানবাহনের গতি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার ছিল, বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে পৌঁছেছে। যানজট নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বয়ংক্রিয় ক্যামেরা ও আধুনিক ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে এই ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে।


দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে। তাদের পুরোনো আগুন সন্ত্রাসের রাজনীতি আবারও ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। এ ধরনের যেকোনো অপতৎপরতা রুখতে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


সবশেষে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের এই দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর