কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করতে সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি জমা দেওয়া হয়। রিটে দলটিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার ব্যর্থতা চ্যালেঞ্জ করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের সব ধরনের প্রচারণা বন্ধে দলটির অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাইকোর্টে এই রিট আবেদন দায়ের করার আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ে নোটিশের কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ায় বিষয়টি উচ্চ আদালতের নজরে আনতে এই রিট দায়ের করা হয়েছে।
অন্যদিকে, সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আরও একটি গুরুত্বপূর্ণ আইনি নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার পাশাপাশি তাঁর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।
গত ১৮ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশটি পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি প্রতিরোধ এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখার স্বার্থেই এই আইনি উদ্যোগ নেওয়া হয়েছে।
আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুনের পাঠানো ওই নোটিশে মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী বা প্রাপক করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে ওই আইনি নোটিশটি পাঠানো হয়েছে।
আইন ও আদালত অঙ্গনে এই রিট আবেদন এবং আইনি নোটিশ নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। এখন হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হলে আদালত এ বিষয়ে কী নির্দেশনা দেন, সেদিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।