ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,  ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ বেয়ারিং প্যাডে ত্রুটি, মেঘনা-গোমতী পুরাতন সেতুতে যান চলাচল বন্ধ রংপুরে চার খুন: ৩০ নভেম্বরেই চার্জশিট দিচ্ছে ডিবি হত্যা মামলায় সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছে মানুষ: মীর শাহে আলম ঈশ্বরদীতে গুলির পর জামায়াত ও যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার দেশে ফেরার সাহস থাকলে পালাতেন না: শেখ হাসিনাকে নিয়ে আবু হানিফ

রংপুরে চার খুন: ৩০ নভেম্বরেই চার্জশিট দিচ্ছে ডিবি


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ সময় : ৫:২৭ পিএম

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় বড় অগ্রগতি এসেছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই আদালতে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করার প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা পুলিশ। এই চাঞ্চল্যকর মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকেই অভিযুক্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষায় তাঁদের উপস্থিতি ও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।


মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এসব তথ্য জানান। তিনি বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ এবং দীর্ঘ তদন্তে গ্রেপ্তার দুই আসামির জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এখন পর্যন্ত অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং গ্রেপ্তারকৃত দুই আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।


সনাতন চক্রবর্তী আরও জানান, ডিবি পুলিশের হাতে তদন্তের দায়িত্ব আসার প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হচ্ছে। আদালতে জমা দেওয়ার আগে তদন্তের বিভিন্ন দিক পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে, যেখানে কোর্ট পুলিশেরও ভূমিকা রয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।


মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিন্নাত আলী জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগৃহীত বিভিন্ন আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় কয়েকটি নমুনায় দুই আসামির ডিএনএ শনাক্ত হয়েছে। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, খেজুরের বিচিতে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে।


গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দফায় ঘটনাস্থল থেকে খেজুরের বিচি, শসার অংশবিশেষ, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ এবং দুই আসামির রক্তের নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করেই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নিহত গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী ও স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা নিশ্চিত হতে মা-মেয়ের ভ্যাজাইনাল সোয়াবের নমুনাও পরীক্ষা করা হয়। তবে সেই প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান তদন্ত কর্মকর্তা।


জিন্নাত আলীর দাবি, অবসরের পর পাওয়া ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে গণপতি চক্রবর্তী বাড়িতে রেখেছেন বলে জানতে পেরেছিলেন আসামিরা। পাশাপাশি বাড়িতে স্বর্ণালংকার থাকারও ধারণা ছিল তাঁদের। এসব সম্পদ চুরির উদ্দেশ্যে পাশের বাড়ির ছাদ দিয়ে গণপতিদের বাড়িতে প্রবেশ করেন তাঁরা এবং পরে পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করেন।


উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয় এবং নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন। আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং সাক্ষী হিসেবে সীমান্ত দাস, বিদ্যুৎ মোহন্ত ও শান্ত দাস ওরফে পুঁটি শান্ত আদালতে জবানবন্দি দেন। এর আগে ৯ দিন পর তাঁদের ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ মেলেনি। তবে দুই আসামির বিরুদ্ধেই চারজনকে হত্যার বিষয়টি অবিশ্বাস্য দাবি করে অন্য জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন স্বজন, স্থানীয় ও মানবাধিকার সংগঠনগুলো।


এ সম্পর্কিত আরো খবর