ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য আলোচনা ও হুমকির মাঝে কড়া বার্তা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিচার হবে এবং দেশের মানুষ তাঁর বিচার দেখার অপেক্ষায় রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয় যে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। তিনি ফিরলে তাঁর বিচার হবে, কারণ দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছেন।
ইতিহাস ও রাজনৈতিক প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ইতিহাস কখনো মুছে ফেলা সম্ভব নয় এবং সত্যকেও চিরদিন আড়াল করে রাখা যায় না। আওয়ামী লীগ যতই প্রচেষ্টা চালাক না কেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—এই ঐতিহাসিক সত্য পরিবর্তন করা সম্ভব নয়। এ সময় তিনি প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথাও স্মরণ করেন এবং বলেন, খালেদা জিয়া সারাজীবন আপসহীন থেকেছেন।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার উদাহরণ তুলে ধরেন মীর শাহে আলম। তিনি বলেন, তারেক রহমান যেদিন দেশে ফিরেছিলেন, সেদিন ঢাকায় অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁকে স্বাগত জানাতে সমবেত হয়েছিলেন। অথচ শেখ হাসিনার ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে; তাঁকে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছিল। এই দুটি ঘটনা জনগণের প্রকৃত ভালোবাসা ও সমর্থন কোন দিকে, তা স্পষ্ট করে দেয়।
বিএনপির দীর্ঘদিনের জনপ্রিয়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমানের গড়া দলটি যুগের পর যুগ মানুষের আস্থা ও সমর্থন ধরে রাখতে সক্ষম হয়েছে। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই বিএনপির সবচেয়ে বড় শক্তি।
বক্তব্যের একপর্যায়ে জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, তাঁরা বেহেশতের নিশ্চয়তা দিতে না পারলেও উন্নয়নের নিশ্চয়তা দিতে চান, আর জামায়াত পারে বেহেশতের লোভ দেখাতে। তিনি আরও অভিযোগ করেন, জামায়াত বড় বড় বুলি আওড়ালেও মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত কোনো উদ্যোগ নেয়নি। বিপরীতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এসব ধর্মীয় কর্মীর জন্য মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করে দিয়েছেন বলে দাবি করেন তিনি।
বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান প্রতিমন্ত্রী।
মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা।
এর আগে প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার দরিদ্র মানুষের চোখের চিকিৎসাসেবা দেয় মীর শাহে আলম ফাউন্ডেশন।